আন্তর্জাতিক

সেনা অভিযান ঘোষণায় আতঙ্ক

স্বাধীনতাকামী অঞ্চল তিগ্রাইয়ের রাজধানী মেকেল্লেতে চূড়ান্ত ধাপের সেনা অভিযানের ঘোষণা দিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। বিদ্রোহী তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টকে (টিপিএলএফ) আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া সময়সীমা পেরুনোর পর গতকাল বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন বলে খবর দিয়েছে বিবিসি।

শান্তিতে নোবেলজয়ী আবি আহমেদ জানান, সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের ক্ষতির কোনো চেষ্টা করবে না। শহরের নাগরিকদের নিজ বাড়িতে অবস্থানেরও আহ্বান জানান তিনি। তবে শহরের দখল রাখা টিপিএলএফ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। জাতিসংঘ অভিযান ঘিরে ইথিওপিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ বিষয়ে সতর্ক করেছে।

তবে দুপক্ষের অনড় অবস্থানে ৫ লাখ বাসিন্দার তিগ্রাই শহরে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে শহর ছাড়তে শুরু করেছেন বলে খবর দিয়েছে দি গার্ডিয়ান।

গত রবিবার টিপিএলএফকে অস্ত্র নামিয়ে রেখে আত্মসমর্পণ করার জন্য বুধবার পর্যন্ত ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন আবি আহমেদ। এ সময় পেরুনোর পর গতকাল এক টুইটে তিনি বলেন, ‘টিপিএলএফকে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করার জন্য দেওয়া ৭২ ঘণ্টা এখন পার হয়ে গেছে। আমাদের আইন প্রয়োগের অভিযান চূড়ান্ত ধাপে পৌঁছেছে।’

আবি সেনাবাহিনীকে মেকেল্লেতে টিপিএলএফের বিরুদ্ধে ‘তৃতীয় এবং চূড়ান্ত ধাপের’ সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। অভিযানকালে কোনো আবাসিক, ধর্মীয় কিংবা ঐতিহাসিক এলাকায় হামলার নিশানা করা হবে না বলে জানিয়েছেন তিনি। অবশ্য গত কয়েক দিন ধরে মেকেল্লের চারপাশে ইথিওপিয়ার বাহিনী বিপুল পরিমাণ ট্যাংক ও গোলাবারুদ মোতায়েন করছে।

তিগ্রাইয়ের টিপিএলএফ বাহিনীর নেতা ডেবরেটসিয়ন গেবরেমাইকেলন বলেছেন, তারা তাদের অঞ্চলের প্রশাসন পরিচালনার অধিকারের সুরক্ষায় লড়াই করে মরতেও প্রস্তুত। টিপিএলএফের যোদ্ধারা বেশিরভাগ একটি আধা-সামরিক ইউনিট এবং স্থানীয় মিলিশিয়া বাহিনীর সদস্য। তাদের সংখ্যা আনুমানিক প্রায় আড়াই লাখ। এই যোদ্ধাদের লড়াই গেরিলা যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এদিকে ত্রাণ সংগঠনগুলো আশঙ্কা করছে, দুপক্ষের সংঘাত মানবিক সংকট সৃষ্টি করতে পারে এবং হর্ন অব আফ্রিকা অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

টিপিএলএফ ইথিওপিয়ার সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আক্রমণ করেছে অভিযোগ তুলে গত ৪ নভেম্বর থেকে দুই বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। তিগ্রাইয়ের প্রায় ৪০ হাজার বাসিন্দা প্রাণ রক্ষা করতে বাড়িঘর থেকে পালিয়ে প্রতিবেশী সুদানে আশ্রয় নিয়েছে। নতুন করে আতঙ্কে আরও মানুষ ঘরবাড়ি ছাড়ছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension