
স্ত্রীকে গৃহকর্মীর সাথে তুলনা নয়: বোম্বে হাইকোর্ট
বিবাহিত নারীকে পরিবারের জন্য গৃহস্থালী কাজ করতে বলা মানে তাকে গৃহকর্মীর সাথে তুলনা নয়। তাকে গৃহকর্ম করতে বলা নিষ্ঠুরতা নয়। ভারতের বোম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চ এক নারীর দায়ের করা আপিল খারিজ করে এ মন্তব্য করেছে।
পারিবারিক সহিংসতা ও নিষ্ঠুরতার অভিযোগ করে ওই নারী তার তালাক দেওয়া স্বামী ও তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলাটি করেছিল। তার দাবি, বিয়ের এক মাস পর্যন্ত তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছিল। কিন্তু এরপরই তার সঙ্গে গৃহকর্মীর মতো আচরণ শুরু হয়। গাড়ি কিনতে তার কাছে চার লাখ রুপি দাবি করে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি। পরবর্তীতে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে স্বামী।
বিচারপতি বিভা কঙ্কনওয়াড়ি ও রাজেশ পাতিলের একটি ডিভিশন বেঞ্চ ২১ অক্টোবর ওই নারীর সাবেক স্বামী ও তার বাবা-মায়ের বিরুদ্ধে দায়ের করা মামলার পুলিশ প্রতিবেদন খারিজ করে দেন।
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, মামলার বাদী তাকে নিগৃহীতের অভিযোগ করেছেন। কিন্তু তিনি সুনির্দিষ্টভাবে এর কোনো বিবরণ দেননি।
আদালত বলেছে, ‘যদি এক জন বিবাহিত নারীকে পরিবারের প্রয়োজনে গৃহস্থালী কাজ করতে বলা হয়, তবে একে গৃহকর্মীর কাজের সঙ্গে বা গৃহকর্মীর সঙ্গে তুলনা দেওয়া যায় না। যদি তার গৃহস্থালী কাজকর্ম করার কোনো ইচ্ছা না থাকে, তবে এটি বিয়ের আগেই বলা উচিত ছিল। তাহলে বিয়ের আগে বর নিজেই সম্পর্কে জড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে। এই জাতীয় সমস্যা বিয়ের আগেই সমাধান করা উচিত।’
ওই নারী নিপীড়নের যে অভিযোগ করেছেন সে প্রসঙ্গে আদালত বলেছে, ‘শুধু মানসিক ও শারীরিকভাবে হয়রানি শব্দের ব্যবহার ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ক ধারায় শাস্তির জন্য যথেষ্ট নয়, যদি না এই ধরনের কাজগুলির বর্ণনা দেওয়া হয়। এই কাজগুলোর বর্ণনা দেওয়া না হলে উপসংহারে বলা যাবে না যে কোনো ব্যক্তি নিষ্ঠুরতা শিকার হয়েছে।’



