
আন্তর্জাতিকপ্রধান খবর
স্পেনে মৃত্যুর রেকর্ড
ইউরোপের দেশ স্পেনেও হু হু করে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৮৩২ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৬৯০।
আজ শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫২৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৭২ হাজার ২৪৮ জন।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনায় মৃত্যুর হার গত দুই দিনের চেয়ে একটু কমেছে। শুক্রবার করোনায় মৃত্যুর হার ১৯ শতাংশ থাকলেও শনিবার সেটি কমে ১৭ শতাংশ হয়েছে।
করোনাভাইরাস মহামারি অত্যন্ত খারাপ অবস্থা তৈরি করেছে ইউরোপে। করোনায় বিশ্বে এই মুহূর্তে র্সবাধিক ৯ হাজার ১৩৪ জনের প্রাণহানি ঘটেছে ইটালিতে। দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড স্পেনের।
করোনার বিস্তার ঠেকাতে মানুষের চলাচলের ওপর স্পেন ইতোমধ্যে দুই সপ্তাহের কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে। স্বাস্থ্যখাতের কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর জোগান দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, স্পেনে করোনা সংক্রমণ বেড়েছে প্রায় ৮ দশমিক ৮ শতাংশ।
শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৪৯ হাজার ৮৪৪ জন থাকলেও ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭১৯ জনে।
এছাড়া দেশটিতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন প্রায় ১২ হাজার ২৮৫ জন।
চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। এতে আক্রান্ত হয়েছে ৬ লাখ ১৭ হাজার ২৮৮ মানুষ। মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৭৭ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ।



