
হংকংয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং ভারতের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিং করছে ভারত৷ এই ম্যাচেই ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে পেসার খলিল আহমেদের৷
পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে বিশ্রাম দেয় জসপ্রীত বুমরাকে৷ রিজার্ভ বেঞ্চে রাখা হয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকেও৷ খেলানো হয়নি লোকেশ রাহুল ও মণীশ পান্ডেকেও৷
দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহালকে দলে রেখেছে ভারত৷ প্রথম ম্যাচেই ব্যাক-আপ ক্রিকেটারদের যাচাই করে নেওয়াই শ্রেয় মনে হয়েছে টিম ম্যানেজমেন্টের৷ সেকারণেই খলিল আহমেদকে অভিষেকের সুযোগ করে দেওয়া হয়েছে৷ ধোনি দলে থাকা সত্ত্বেও দ্বিতীয় উইকেটকিপার দীনেশ কার্তিককে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসাবে খেলানো হচ্ছে হংকংয়ের বিরুদ্ধে৷
ভূবনেশ্বর কুমার বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায়, তাকে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দিতেই প্রথম একাদশে রাখা হয়েছে৷
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রায়ড়ু, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, ভূবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, যুবেন্দ্র চাহাল ও খলিল আহমেদ৷



