
এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে দাউদ যোগ? উদ্বেগে গোয়েন্দারা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আসন্ন ভারত পাকিস্তান এশিয়া কাপের ম্যাচে দেখা যেতে পারে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের দুই সহযোগীকে৷ গোপন সূত্রে এমনই তথ্য পেয়েছেন গোয়েন্দারা৷ ফলে কড়া নজর রাখা হচ্ছে এই ম্যাচের ওপর৷ এই দুই সহযোগী দাউদ ইব্রাহিমের প্রায় ডান হাত বলা চলে৷
বহু প্রতিক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ হতে চলেছে বুধবার৷ এশিয়া কাপের এই ম্যাচটি হবে দুবাইয়ে৷ সেই ম্যাচে আসতে চলেছে এই দুই মোস্ট ওয়ান্টেড ডন বলে খবর৷ ডি কোম্পানির সঙ্গে এই দুজনের ঘনিষ্ট যোগসূত্র রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর৷
গোয়েন্দারা জানতে পেরেছেন এই ম্যাচ দেখার জন্য ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছেন দাউদ ইব্রাহিমের বেশ কয়েকজন পরিচিত৷ মুম্বই ও করাচি থেকে সেখানে উড়ে গিয়েছেন তারা৷ সূত্র অনুযায়ী প্রায় ছটি দেশের গোয়েন্দারা এই সূত্র পেয়েছেন৷ তারাই এই ম্যাচে নজরদারি চালাবেন৷ দাউদের দুই সহযোগী গোয়েন্দাদের জালে আসলে পাকিস্তানের দাউদের কাজকর্ম ও গোপন ঘাঁটি সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন গোয়েন্দারা৷
শুধু ক্রিকেটের প্রতি ভালবাসা থেকেই নয়, পরিসংখ্যান বলছে বিভিন্ন ভারত পাকিস্তান ম্যাচে দাউদ উপস্থিত থাকত শুধু বেটিং চক্রের মাথা হিসেবে৷ ভারত ছাড়াও, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া এবং চীনের গোয়েন্দারা এই ক্রিকেট ম্যাচের ওপর নজরদারি চালাবে৷
চলতি মাসের শুরুর দিকে, ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর অনুযায়ী এই ম্যাচ সংক্রান্ত তথ্য আসে৷ মুম্বই পুলিশের সঙ্গে যৌথ সহযোগিতায় ভারতীয় গোয়েন্দা দফতর দাউদের সম্পত্তির পরিমাণ সংক্রান্ত তথ্য জানতে চায় আমেরিকার কাছে৷ তার পরেই এই পদক্ষেপ৷ দাউদের এই দুই সহযোগীকে ধরতে পারলে দাউদের সম্পর্কে তথ্য পাওয়া অনেকটাই সহজ হবে বলে মনে করছেন গোয়েন্দারা।



