আন্তর্জাতিক

‘হাউডি মোদী’র আগেই ২.৫ বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ও মার্কিন সংস্থার

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: রবিবার সন্ধেয় শুরু হবে মার্কিন মুলুকে মোদীর মেগা শো। তার আগেই মার্কিন সংস্থার সঙ্গে বিশেষ চুক্তি হল ভারতের। তরল গ্যাস কিনতে এই চুক্তিতে স্বাক্ষর করল ভারতীয় সংস্থা এলএনজি ও মার্কিন সংস্থা টেলারিয়ান। প্রাথমিক এই চুক্তিতে আমেরিকা থেকে প্রতি বছর ৫ মিলিয়ন টন তরল গ্যাস কেনার কথা বলা হয়েছে।

এই চুক্তির ফলে, মার্কিন সংস্থায় ২৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে ভারতের প্রাকৃতিক গ্যাস আমদানিকারী সংস্থা পেট্রোনেট। মার্কিন শিল্পপতিদের ভারতে বিনিয়োগে উত্‍সাহী করে তুলতে এবং বিভিন্ন তেল উত্‍পাদনকারী সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাউসটনেই হবে সেই বৈঠক।

সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসে প্রাথমিক মউ স্বাক্ষরিত হলেও, ভারতের সুবিধার্থে তাতে বেশ কিছু রদবদল ঘটানো হয়েছে। ২০২০-র ৩১ মার্চ এই সমঝোতায় চূড়ান্ত সিলমোহর পড়বে।

মার্কিন ওই সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়, ”নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মউ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে কম দামে, পরিশোধিত, প্রাকৃতিক গ্যাস আমদানি করতে পারবে ভারতের বৃহত্তম এলএনজি আমদানিকারী সংস্থা পেট্রোনেট। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়লে ভারতের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। আরও দ্রুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫ লক্ষ কোটি অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে পৌঁছনো সম্ভব হবে। সেই সঙ্গে কম হবে পরিবেশ দূষণও।”

হাউসটনে অন্তত ৫০,০০০ লোক উপস্থিত থাকবেন মোদীর সেই মেগা শো’তে। আর সেখানেই উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সূত্রের খবর, শুধু হাজির থাকবেন না, বক্তব্যও রাখবেন মোদীর মেগা র‍্যালিতে।

হাউডি মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর পাশেই দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পকে। প্রায় ৩০ মিনিটের একটি বক্তব্য তিনি রাখবেন বলে শোনা যাচ্ছে। রবিবারের এই মেগা ইভেন্টে দুই দেশের গণতন্ত্রের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে নতুন শক্তি যোগাবে বলে মনে করছেন মার্কিন আধিকারিকরা। যদিও এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পক্ষ থেকে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রবাসীদের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতি থাকছেন না বা কোনও ভাষণও দিচ্ছেন না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension