
১৪ বছরে প্রতিবন্ধী সুবিধাভোগীর সংখ্যা বেড়েছে ১০ গুন
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: প্রতিবন্ধী সুবিধাভোগীর সংখ্যা ১৪ বছরে বেড়েছে প্রায় ১০ গুণ। ২০১৮-১৯ অর্থ বছরে ১০ লক্ষ প্রতিবন্ধীকে মাসে ৭০০ টাকা করে ৮৪০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন-২০০১ প্রণয়নের চার বছর পর ২০০৫ সালে অসচ্ছল প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা শুরু করেছিল সরকার। ওই সময় এক লক্ষ চার হাজার প্রতিবন্ধীকে মাসে ২০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এখন টাকার হার বেড়ে ৭০০ টাকা করে সহায়তা পাচ্ছেন প্রতিবন্ধীরা।
অসচ্ছল প্রতিবন্ধীদের আর্থিক ভাতা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে প্রথমবারের মত অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা দেওয়া শুরু হয়। ওই বছর প্রতিমাসে ২০০ টাকা করে এক লক্ষ ৪ হাজার ১৬০ জনকে ২৪ কোটি ৯৯ লক্ষ টাকা ভাতা দেওয়া হয়।
২০০৬-০৭ অর্থ বছরে উপকারভোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় এক লক্ষ ৬৬ হাজার ৬৬০ জনে। প্রতি মাসে ২০০ টাকা করে ওই অর্থ বছরে ৩৯ লক্ষ ৯৯ হাজার টাকা ভাতা দেওয়া হয়।
২০০৭-০৮ অর্থ বছরে দুই লক্ষ প্রতিবন্ধীকে প্রতিমাসে ২২০ টাকা করে ৫২ কোটি ৮০ লক্ষ টাকা দেওয়া হয়। ২০০৮-০৯ অর্থ বছরে দুই লক্ষ প্রতিবন্ধীকে প্রতিমাসে ২৫০ টাকা করে ৬০ কোটি টাকা দেওয়া হয়। ২০০৯-১০ অর্থ বছরে দুই লক্ষ ৬০ হাজার প্রতিবন্ধীকে প্রতিমাসে ৩০০ টাকা করে ৯৩ কোটি ৬০ লক্ষ টাকা দেওয়া হয়।
২০১০-১১, ২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থ বছরে দুই লক্ষ ৮৬ হাজার প্রতিবন্ধীকে প্রতিমাসে ৩০০ টাকা করে ১০২ কোটি ৯৬ লক্ষ টাকা দেওয়া হয়। ২০১৩-১৪ অর্থ বছরে তিন লক্ষ ১৪ হাজার ৬০০ জন প্রতিবন্ধীকে মাসে ৩০০ টাকা করে ১৩২ কোটি ১৩ লাখ টাকা দেওয়া হয়। ২০১৪-১৫ অর্থ বছরে চার লক্ষ জন প্রতিবন্ধীকে মাসে ৫০০ টাকা করে ২৪০ কোটি টাকা দেওয়া হয়।
২০১৫-১৬ অর্থ বছরে ছয় লক্ষ ৫০ হাজার জন প্রতিবন্ধীকে মাসে ৫০০ টাকা করে ৩৬০ কোটি টাকা দেওয়া হয়। ২০১৬-১৭ অর্থ বছরে সাত লক্ষ ৫০ হাজার জন প্রতিবন্ধীকে মাসে ৬০০ টাকা করে ৫৪০কো টি টাকা দেয়া হয়। ২০১৭-১৮ অর্থ বছরে আট লক্ষ ২৫ হাজার জন প্রতিবন্ধীকে মাসে ৭০০ টাকা করে ৬৯৩ কোটি টাকা দেওয়া হয়।



