
১৮ নভেম্বর ঢাকা আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলার
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে নব নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার দায়িত্ব নিতে আগামী ১৮ নভেম্বর রোববার ঢাকা আসছেন । গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন তিনি। পররাষ্ট্র দপ্তরের চিফ অব প্রটোকল সেন ললার শপথ পরিচালনা করেন। শপথ অনুষ্ঠানে আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে নিযুক্ত আমেরিকার দুই সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ও মার্শা বার্নিকাটও মিলারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। শপথ শেষে বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন মঙ্গলবার রাতে তাঁর ওয়াশিংটন ডিসির বাসভবনে নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলারের সম্মানে নৈশ ভোজের আয়োজন করেন। এতে মার্শা বার্নিকাটও যোগ দেন। রাষ্ট্রদূত মিলার আগামী শনিবার ওয়াশিংটন ডিসি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।



