বাংলাদেশমুক্তিযুদ্ধ

১ ডিসেম্বর ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনটি ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।

সেক্টর কমান্ডারস ফোরামের কার্যনির্বাহী সভাপতি মোহাম্মদ নুরুল আলম ও মহাসচিব হারুন হাবীবের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ-৭১-সহ বেশকিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠন অনেক বছর ধরে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে আসছে। বর্তমান জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ২০২১ সালের নভেম্বর মাসে দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জোর সুপারিশ করেছে। কিন্তু আজও পর্যন্ত এ সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা আসেনি।

সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা মনে করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এবং যে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির উদ্দেশ্যে একটি দিবস পালনের যৌক্তিকতা আছে। আমরা আহ্বান জানাই, যাতে দিনটি যথাযথ সরকারি স্বীকৃতি লাভ করে এবং যুগ যুগ ধরে দিবসটি পালিত হয়।’

সেক্টর কমান্ডারস ফোরাম এবং মুক্তিযুদ্ধ-৭১ আগামী ১ ডিসেম্বর যৌথভাবে মুক্তিযোদ্ধা দিবস পালন করবে। দুটি সংগঠন কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সব জেলা, মহানগর ও প্রাতিষ্ঠানিক কমিটিগুলো সারা দেশে দিবসটি একযোগে পালন করবে বলে জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন বেদীতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।

সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতারা, বীর মুক্তিযোদ্ধারা এতে অংশ নেবেন। কর্মসূচির অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুস্পস্তবক অর্পণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension