
২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ
রূপসী বাংলা ঢাকা ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে আগামি ২৮ ডিসেম্বরের মধ্যরাতে। নির্বাচন কমিশন ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওই সময়ের পর থেকে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন সংক্রান্ত প্রচারণা ও বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ সম্পর্কিত টক শো বা আলোচনার বিষয়ে ইসি এখন পর্যন্ত কোনও নির্দেশনা দেয় নি।
রাজনীতি বিশ্লেষকদের মতে, ২৮ ডিসেম্বর রাত ১২টার পর থেকে প্রার্থীদের প্রচারণা বন্ধ থাকছে। তবে বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে ফেসবুক-টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া নির্বাচন সংক্রান্ত পোস্ট, মন্তব্য, শেয়ারিং, ভিডিওবার্তাও প্রচারণার অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে গুজব ছড়ানোর পাশাপাশি অনেক প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার কিংবা চরিত্র হননের ঘটনাও ঘটছে। যার কারণে এদিকেও ইসির মনোযোগ দেওয়া ছাড়াও একটি সুনির্দিষ্ট নির্দেশনা থাকা জরুরি।
এছাড়া নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর এ নিয়ে টিভি টকশো বা আলোচনা অনুষ্ঠানের বিষয়েও ইসির স্পষ্ট নির্দেশনা থাকা উচিত।



