
৫০ বছর ধরে ১ লক্ষ কোটি টাকা দিতে হবে করদাতাদের, ট্যুইট রাহুলের
রূপসী বাংলা ডেস্ক:ফ্রান্স থেকে ভারত যে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কিনছে, সেগুলি রক্ষণাবেক্ষণের জন্যই দেশের করদাতাদের আগামী ৫০ বছর ধরে ‘মিঃ ৫৬-র বন্ধুকে’ ১ লক্ষ কোটি টাকা দিতে হবে বলে দাবি করলেন রাহুল গাঁধী। এভাবেই রাফালে ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সভাপতি।
২০১৪-র লোকসভা ভোটের প্রচারে মোদী নিজেকে ৫৬ ইঞ্চি চওড়া বুকের অধিকারী বলে দাবি করার পর থেকে তাঁকে বারবার এ নিয়ে খোঁচা দেন রাহুল। কংগ্রেসও প্রশ্ন করে, তাহলে চিন, পাকিস্তানের মোকাবিলায় কবে মোদী নিজের বুকের পাটা দেখাবেন।
Over the next 50 years, Indian Tax Payers will pay Mr 56’s friend’s JV, 100,000 Cr to maintain 36 #RafaleScam jets, India is buying🤭
Raksha Mantri will address a Press CON to deny this, as usual🤥
But the truth is in the presentation I’m attaching😊 pic.twitter.com/a90XNet7dU
— Rahul Gandhi (@RahulGandhi) July 28, 2018
কংগ্রেস সভাপতি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের একটি ইনভেস্টর প্রেজেন্টেশেন তাঁর ট্যুইটের সঙ্গে জুড়ে দেন, লেখেন, এর মধ্যে ‘সত্যি’ আছে, যদিও শীঘ্রই সাংবাদিক সম্মেলন ডেকে ‘প্রতিবারের মতো’ তা অস্বীকার করবেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।
গতকাল রাহুল অভিযোগ করেন, ‘শ্রী৫৬-র বন্ধু’ রাফালে ডিলের অফসেট বরাতের মাধ্যমে আসলে ২০ বিলিয়ন মার্কিন ডলার বা ১.৩০ লক্ষ কোটি টাকা মুনাফা করবেন।
কংগ্রেসের বরাবরের অভিযোগ, রাফালে ডিলে পছন্দের লোকের প্রতি পক্ষপাতিত্ব করেছে কেন্দ্রের বিজেপি সরকার, নিয়ম ভেঙে অফশোর কন্ট্র্যাক্ট দেওয়া হয়েছে রিলায়েন্স ডিফেন্সকে। এ নিয়ে মোদী ও সীতারামন দেশের মানুষকে মিথ্যা বলেছেন বলেও অভিযোগ কংগ্রেসের। রাফালে ডিল ‘কাছের লোকজনকে সুবিধা পাইয়ে দেওয়ার পুঁজিবাদে’র সেরা নমুনা বলেছে তারা, এতে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়ার অভিযোগও করেছে। এই ইস্যুতে সংসদকে বিপথে চালিত করার অভিযোগে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিসও দিয়েছে কংগ্রেস।



