
৮১ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন এই ক্রিকেটার
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক :বিশ্বক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিরল নজির গড়লেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো পেরেরা। টেস্ট ক্রিকেটের দুই ইনিংসেই দ্বিশতরান করে এক বিরল কৃতিত্বের অধিকারী হলেন কলম্বো নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাবের দলনায়ক। অ্যাঞ্জেলোর এই কৃতিত্বের সাক্ষী রইল শ্রীলঙ্কার প্রথম শ্রেণীর ক্রিকেট।
শ্রীলঙ্কার প্রিমিয়র লিগ টুর্নামেন্টের প্রথম টিয়ারের ম্যাচে সিংহলিজ স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে মাঠে নেমেছিল নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব। প্রথম ইনিংসে ২০১ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে অ্যাঞ্জেলোর ব্যাট থেকে আসে ২৩১ রানের অনবদ্য ইনিংস। অসামান্য এই কৃতিত্বের সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেলো অচিরেই স্পর্শ করেন আট দশকের পুরনো রেকর্ড।
৮১ বছর আগে অর্থাৎ ১৯৩৮ ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব ছুঁয়েছিলেন আর্থার ফ্যাগ। কেন্টের হয়ে ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে দুই ইনিংসেই দ্বিশতরান এসেছিল ফ্যাগের ব্যাট থেকে। এসেক্সের হয়ে সেই ম্যাচে প্রথম ইনিংসে অপরাজিত ২০২ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ২৪৪ রান এসেছিল এই ইংরেজ ব্যাটসম্যানের থেকে। একই টেস্ট ম্যাচে জোড়া দ্বিশতরান করে আট দশক আগে আর্থার ফ্যাগের গড়া সেই নজিরে ভাগ বসালেন বছর আঠাশের এই স্রীলঙ্কান ব্যাটসম্যান।
ধামিকা প্রসাদ, সচিত্রা সেনানায়েকের মত প্রাক্তন শ্রীলঙ্কান বোলারদের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটে এই অসামান্য নজির গড়েন অ্যাঞ্জেলো পেরেরা। উল্লেখ্য, চলতি মরশুমে ১৪টি দ্বিশতরান দেখেছে শ্রীলঙ্কার প্রথম শ্রেণীর ক্রিকেট। প্রিমিয়র লিগ টুর্নামেন্টে ২৭৪ রানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি রয়েছে কুশল মেন্ডিসের দখলে। কিন্তু আট দশকের পুরনো রেকর্ড ভেঙে শ্রীলঙ্কা প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন নয়া তারকা অ্যাঞ্জেলো পেরেরা। একইসঙ্গে দুরন্ত পারফরম্যান্সে ফের জাতীয় দলে প্রবেশ করার দাবি জোরালো করলেন দেশের জার্সি গায়ে চারটি ওয়ান ডে ও দু’টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান।



