
জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ‘নবান্ন উৎসব’
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির একটি ভেন্যুতে গত ২৯ নভেম্বর (মঙ্গলবার) রাতে জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নবান্ন উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
আমিনুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামালউদদীন ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম। অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলম্যান মো. হোসাইন মোর্শেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদদীন পাঠান, আব্দুর রব, এসিএমইউএর বোর্ড সদস্য মো. দিদার প্রমুখ।
নবান্ন উৎসবের আয়োজন প্রসঙ্গে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রবাসে আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহিঃপ্রকাশের লক্ষ্যেই এই নবান্ন উৎসবের আয়োজন। বিশেষ করে প্রবাস প্রজন্মের মনোভূমে লোকজ সংস্কৃতি জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।‘।
নবান্ন উৎসবের বাড়তি পাওনা ছিল উওর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী চন্দন চৌধুরীর মনোজ্ঞ সংগীত পরিবেশনা। এছাড়া রবিউল হোসেন মাছুম ও আমিনুর রহমান মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। নবান্ন উৎসবের সার্বিক সহযোগীতায় ছিলেন আবু সুফিয়ান, আবদুস সালাম, লুৎফুর রহমান, রোকন পাশা, তুষার আহমদ প্রমুখ ।



