কবিতাসাহিত্য

অশোধিত সৌখিন কপাট

এম এ ওয়াজেদ


অন্তরের দৃষ্টিহীনতায় ভুলে যায় স্মৃতির ইতিহাস
ঝাপসা আলোয় চেয়ে দেখি-
নগ্নতার রক্তবীজ অসুরের চোয়াল বেয়ে
বৃষ্টিধারার মতো ছড়িয়ে পড়েছে
গ্রাস করছে বর্ধিত লোকালয় অসহিষ্ণু জনপদ
ব্যথিত পরাগের গর্ভকেশরে নষ্টামির জখমপ্রাপ্ত আলপনা ৷

কল্পনার বিলাসী প্রহর হরণ করেছে
সত্যজ্ঞানের মুদ্রিত অধ্যায়
বিশ্বায়নের ঔপনিবেশিক দাসত্ব
চুষে চুষে খায় কথিত সভ্যতার নিন্দিত ললাট
কারা বলে দাসপ্রথা বিলুপ্ত হয়েছে ?

মিথ্যাবাদের অশোধিত সৌখিন কপাটে
শোভা পায় রকমারি শোষণের জটিল রসায়ন
বুদ্ধিবাদের অমার্জিত কপটতা
অবাসযোগ্য পৃথিবীর কেন্দ্রমূলে অপচ্ছায়ার প্রতিচ্ছবি
দুর্বিপাকের ধ্বংস গহ্বর সহজেই দৃশ্যমান ৷

চিত্তবৈকল্যের বৃক্ষচারা ক্রন্দন করে
সুবাসিত ঘ্রাণ তালাশ করে হৃদয়ের ঊষর জমিন
শতযুগের ক্লান্তি ভর করেছে বিকাশের প্রবেশ পথে
হিসাবের খাতায় প্রকৃতপক্ষে আজো দাসেরা সংখ্যা গরিষ্ঠ ৷৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension