
শিশুদের ইন্টারনেট আসক্তি ঠেকাতে চীনের নতুন গাইডলাইন
মোবাইল ফোন এবং অ্যাপে শিশুদের ইন্টারনেট আসক্তি ঠেকাতে একটি গাইডলাইন তৈরি করেছে চীন সরকার। অভিভাবকদের অনুমতি নিয়ে গাইডলাইনটি বাস্তবায়ন করা হবে। তবে সমালোচকেরা বলেছেন, এমন গাইডলাইনের বাস্তবায়ন হলে দেশটিতে প্রযুক্তির মাঝে বেড়ে ওঠা প্রজন্মের তথ্য প্রাপ্তির বিষয়টি সীমিত হয়ে পড়বে।
চীনের প্রস্তাবিত গাইডলাইনটি বাস্তবায়ন হলে স্মার্টফোন এবং অ্যাপে একটি বিল্ট ইন মাইনর মোড থাকবে। এর ফলে প্রতিদিন শিশুরা দুই ঘণ্টার বেশি মোবাইল ইন্টারনেট চালাতে পারবে না। আজ শনিবার (০২ সেপ্টেম্বর) থেকে এই সংক্রান্ত আইনি বিষয়াদি শুরু করার কথা চীন সরকারের।
গাইডলাইনটি বলছে, ব্যবহারকারীর বয়স অনুযায়ী ইন্টারনেট ব্যবহারের সময় মাইনর মোডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। এতে আট বছরের কম বয়সীদের ক্ষেত্রে দিনে ৪০ মিনিট ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তাছাড়া ১৮ বছরের কম বয়সীরা রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনও ধরনের গেজেট ব্যবহার করতে পারবে না।
যদিও নতুন এই গাইডলাইন বাস্তবায়ন করা হবে কিনা বা বাস্তবায়ন করা হলে শিশুদের তা ব্যবহারের সময়সীমা কতটুকু হবে সে বিষয়ে অভিভাবকদের সিদ্ধান্ত দেওয়ার সুযোগ রয়েছে। খসড়া এই গাইডলাইনটির নাম দেওয়া হয়েছে ‘কনটেন্ট সিকিউরিটি।’ সম্প্রতি চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই গাইডলাইনটি প্রকাশ করে।
এদিকে চীন সরকারের এই গাইডলাইনে সম্মতি প্রকাশ করেছেন অভিভাবকরা। কং লিংমান নামের এক বাবা বলেন, আমার হয় মনে প্রস্তাবনাটি সত্যিই ভালো। সাংহাইয়ে কর্মরত এই অভিভাবক বলেন, মোবাইল ফোনে শিশুদের অতিরিক্ত সময় কাটানোর ফলে তারা তাদের পরিবারের সঙ্গে যে সময়টি কাটানোর কথা সেটি হারিয়ে ফেলছে।
তবে সরকারের এই পদক্ষেপের সমালোচনাও কম নয়। সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, সবকিছুই নিয়ন্ত্রণ করার অর্থ হলো কোনো কিছুই ঠিকমত নিয়ন্ত্রণ না করা। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়ার ওয়াইবো অ্যাকাউন্টের পোস্টের নিচে করা এই মন্তব্যে হাজার হাজার লাইক পড়তে দেখা গেছে।
সূত্র: ডয়চে ভেলে



