
নিউ ইয়র্কে আয়োজিত হলো ষষ্ঠ হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বই মেলা
নিউ ইয়র্ক সংবাদদাতা: বিশ্ব খ্যাত জাদুশিল্পী ও মুক্তিযোদ্ধা জুয়েল আইচ বলেছেন ‘মানুষ তাঁর স্বপনের সমান বড়, আশার সমান সুখী আর কাজের সমান সফল’। তিনি বলেন বিখ্যাত মানুষ দেখলেই সেলফোনে ছবি তোলার পরিবর্তে উল্লিখিত তিনটি অনুশীলন দ্বারা বরং নিজেই বিখ্যাত হওয়ার দিকে আমাদের সবাইকে মনোনিবেশ করতে হবে।
গেল শনিবার (৭ অক্টোবর) নিউ ইয়র্কে আয়োজিত ‘ষষ্ঠ হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বই মেলা – ২০২৩’ তিনি এসব কথা বলেন।
সকাল ১১টায় উদ্বোধনের কথা থাকলেও তুমুল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে বিকেল ৩টায় শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত একটানা অনুষ্ঠান চলে।
সম্মেলন উদ্বোধনের জন্য আগেরদিন রাতেই নিউ ইয়র্ক এসে পৌঁছেন জ্যোতিপ্রকাশ দত্ত ও পূরবী বসু।
ড. নুরুন নবী প্রধান অতিথি এবং বেলাল বেগ, কৌশিক আহমেদ, জুয়েল আইচ, লুৎফর রহমান রিটন, জিনাত নবী, ফরহাদ হোসেন ও মাজহারুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুরুষেরা হলুদ পাঞ্জাবি ও নারীরা হলুদ শাড়ি পরে মেলায় অংশ নেন। শিশু-কিশোররাও হলুদ পোশাকে সেজে মূল মঞ্চে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। ফারজিন রাকিবা, ডা. আইনুন নাহার রলি চিত্রাঙ্কন প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন।
নেলী ইসলাম, ছন্দা সুলতান ও শাহীন দিলওয়ারের সঞ্চালনায় স্বরচিত কবিতা ও ছড়ার আসরের আয়োজন করা হয়। এবিএম সালেহ উদ্দিন পরিচালনা করেন বই পরিচিতির আসর।
‘লেখক হুমায়ুন আহমেদ: আমার ভালো লাগা’ পরিচালনা করেন মাকসুদা আহমেদ। সহযোগিতায় ছিলেন নেলী ইসলাম। বেনজির সিকদার রচিত পুঁথি পাঠ করেন মৃদুল আহমেদ। রাইটার্স ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সদস্য সচিব খালেদ সরফুদ্দিন।
‘হুমায়ুন সাহিত্যেের সৌরভ’ শীর্ষক আলোচনায় অংশ নেন কৌশিক আহমেদ, জ্যোতিপ্রকাশ দত্ত ও ড. নুরুন নবী। সঞ্চালনা করেন মনজুর কাদের।
শিশু-কিশোদের অংশগ্রহণে ‘আমাদের প্রজন্ম আমাদের অহঙ্কার’ সঞ্চালনা করেন আবু সাইদ রতন।
হুমায়ূন আহমেদের শিশুতোষ গল্প পাঠ ‘গল্পে গল্পে হুমায়ুন’ পর্বে গল্পদিদিমনি সাবিনা নিরু শিশুদের সাথে গল্পের আসর জমান। শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন লুৎফর রহমান রিটন, জুয়েল আইচ, কৌশিক আহমেদ, ড. নুরুন নবী ও পূরবী বসু। আবৃত্তির অনুষ্ঠান সঞ্চালনা করেন জি এইচ আরজু।
‘গীতিকার হুমায়ুন আহমেদ’ বিষয়ে আলোচনা করেন বেলাল বেগ। সঞ্চালনা করেন শাহ ফিরোজ। মুমু আনসারী ও নাহরীন ইসলামের যুগল কন্ঠ ‘জাগো বাহে কুনঠে সবাই’- সবাইকে চমৎকৃত করেছে।
ফরিদা ইয়াসমিন ও শামীম আরা বেগমের তত্বাবধানে ও মার্জিয়া স্মৃতির কোরিওগ্রাফিতে বাফার ক্ষুদে শিল্পীদের নৃত্য পরিবেশনা প্রশংসা কুড়িয়েছে।
‘হুমায়ুন ঘনিষ্ঠদের স্মৃতিচারণ’ অনুষ্ঠান সঞ্চালনা করেন মাজহারুল ইসলাম। অংশ নেন পুরবী বসু, লুৎফর রহমান রিটন, ফরহাদ হোসেন ও জুয়েল আইচ। এই পর্বে জুয়েল আইচের চমৎকার বাচন ও জাদুতে দর্শকবৃন্দ বিমোহিত হন।
সঙ্গীত পরিবেশন করেন চিত্রা রোজারিও, লিয়ানা মানহা, বাঁধন, তাসকিনুল হক। কৃষ্ণা তিথি, সেলিম চৌধুরী ও এস আই টুটুল। যুগলবন্দি করেন শান্তনু সাজ্জাদ ও ডা. আইনুন নাহার রলি। মেলায় নালন্দা, রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র, সময় প্রকাশন, অন্যপ্রকাশ, পঞ্চায়েত, ছড়াটে সহ বিভিন্ন প্রকাশনা সংস্থা ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
ছবি: নেহার সিদ্দিকী
অ্যালবাম




















