
নির্বাচনের আগে এমাজউদ্দীনের চার শর্ত
রূপসী বাংলা ডেস্ক:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চার শর্ত দিয়েছেন ঢাকা বিশ্বদ্যিালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।
বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ৭৮ হাজার মামলা প্রত্যাহারসহ চারটি শর্ত পূরণ হলে আগামী নির্বাচন হতে পারে।’
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব শর্তের কথা জানান তিনি।
‘খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের মিথ্যা মামলা ও দণ্ডাদেশ প্রত্যাহার’ দাবিতে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবদী ফোরাম এ সভার আয়োজন করে।
এমাজউদ্দীন বলেন, ‘গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ নির্বাচনের জন্য সরকারকে চারটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, বিএনপি চেয়ারপারসনসহ সারাদেশে দলের ২০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ৭৮ হাজার মামলা রয়েছে। এগুলো প্রত্যাহার করতে হবে।’
‘দ্বিতীয়ত, নির্বাচনের তফসিলের আগে চলমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। তৃতীয়ত, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি মিলে নির্বাচনকালীন সরকার গঠন করবেন। এতে বৃহত্তম বিরোধী দল হিসেবে বিএনপিকে পররাষ্ট্র ও স্বরাষ্ট মন্ত্রণালয়সহ ৩-৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। যাতে তারা সঠিকভাবে নির্বাচনের জন্য কাজ করতে পারে।’
‘এছাড়া ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারে, পাশাপাশি প্রার্থীরা যাতে সব ভোটারের কাছে ভোট চাইতে পারে- সেই পরিবেশ তৈরি করতে হবে।’
অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়াকে নিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মুক্তির জন্য আইনি সহায়তার পাশাপাশি গতকাল সমাবেশ করে যে শক্তি দেখিয়েছে বিএনপি, নিয়মতান্ত্রিকভাবে রাজপথে থেকে আন্দোলন করে সেই শক্তি দেখাতে হবে।’
সংগঠনের সভাপতি এস এম জাহাঙ্গীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।



