বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগ দাবি বিএনপির

রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনা অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে গভর্নর ফজলে কবিরের পদত্যাগ দাবি করেছে বিএনপি। খবর ইউএনবি’র।

দলের সিনিয়র নেতা মওদুদ আহমেদ বলেন, ‘সরকারকে অবশ্যই এই সোনা চুরির দায়-দায়িত্ব নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে তার মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে পদত্যাগ করা উচিৎ।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মওদুদ।

তিনি আরো বলেন, ‘উনি (ফজলে কবির) ওই পদে থাকলে কোনো রকমের সুষ্ঠু তদন্তের ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। যার কারণে তার সরে যাওয়া উচিৎ।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ ২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা গায়েবের ঘটনায় তৎকালীন গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগের কথা উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, এখন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক হয়ে গেছে টাকা ও সোনা চোরের। দেশের ব্যাংকিং খাতের অস্তিত্ব হুমকির মুখে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, সেখানেই এমন ঘটনা ঘটলে সকল ব্যাংকেও লুটতরাজ হবে। সরকার মদদপুষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদরা ঋণের নামে সকল ব্যাংক লুট করে নিচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক বিবৃতিতে জানায়, তাদের ভল্টে কোনো অনিয়ম নেই। এ বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন মওদুদ। কারণ সরকারের বিভিন্ন সংস্থা বলছে ভল্টে রাখা সোনা তামায় পরিণত হয়ে গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সোনা অনিয়মের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার না করায় সরকারের সমালোচনা করেন বিএনপি নেতা।

সরকারি দলের সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনা প্রসঙ্গে মওদুদ বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে বিশাল জনসমাগম করে সরকার তাদের জনপ্রিয়তা প্রদর্শন করবে। প্রধানমন্ত্রী ও তার সরকার এতো জনপ্রিয় হলে, তিনি (শেখ হাসিনা) আজ ঘোষণা দিন যে আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।

বিএনপি নেতা তাদের দলের জনপ্রিয়তা প্রমাণ করতে তাদেরকেও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ‘আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে থাকলেও, আমাদের জনসভায় আজকের জনসভার চেয়ে বেশি মানুষ স্বতস্ফূর্তভাবে যোগ দেবে’, বলেন তিনি।

কোটা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্য সম্পর্কে সাবেক আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টে এমন কোনো রায় নেই যে কোটা পদ্ধতি সংস্কার করা যাবে না। প্রধানমন্ত্রী সংসদে যে ওয়াদা দিয়েছিলেন তা থেকে আদালতের রায়ের অজুহাত দেখিয়ে সরে এসেছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এমনটা প্রত্যাশা করি না।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension