
ফারজানা ইয়াসমিন
তুমি হেমন্তের শিশিরে স্নান করা শিউলি মালা
খোঁপায় জড়িয়ে বলেছিলে,
শিশির ভেজা চুম্বন এঁকেছে শিউলি,
আমার মেঘ কালো কেশে দিশাহারা হয়ে।
তোমার সেই ক্যানভাসে আমি আজও বসে আছি,
কখনো সকালের হিমেল অনুভূতিতে,
কখনো বা মিষ্টি রোদেলা ভাবনার তরীতে ভাসি বিভোর হয়ে।
শুধু তুমি নেই আজ আঁকতে আমার ছবি,
তবুও আমার প্রতীক্ষিত সময় আঁকে তোমার স্মৃতি।
আজও ঋতুর দিনপঞ্জি ঘুরে হেমন্ত আসে,
আসে না শুধু চেনা সুর অচেনা পথ ধরে
তোমার রেখে যাওয়া পদচিহ্ন আঁকা দিনের বাঁকে।



