
যুক্তরাষ্ট্রে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গাজায় যুদ্ধ বিরতির দাবি
গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দাবি তুলল লেখক-কবি-সাহিত্যিকরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত বৃহস্পতিবার থেকে বসে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড প্রদানের আসর। এই আসর থেকেই ওই দাবি জানান তারা। অনুষ্ঠানের পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে লেখক-কবি-সাহিত্যিকরা যুদ্ধবিরতির দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি প্রতিবারই বেশ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
কবিতা, শিশুসাহিত্য ও অনুবাদ ছাড়াও কল্পনাধর্মী (ফিকশন), অবাস্তবধর্মী (নন-ফিকশন); মোট পাঁচটি শাখায় এবার পুরস্কার দেওয়া হয়। এবার ৭৪তম এই আসরে মনোনয়ন পেয়েছিলেন ২৫ জন। তাদের মধ্যে ২০ জন গাজায় যুদ্ধবিরতি চেয়ে যৌথ বিবৃতিতে সই করেন। মঞ্চে কল্পকাহিনি শাখায় মনোনয়ন পাওয়া লেখক আলিয়াহ বিলাল গাজার যুদ্ধবিরতির দাবি জানিয়ে তৈরি করা বিবৃতিটি পড়ে শোনান।
এ সময় আলিয়াহ বিলাল বলেন, ‘চূড়ান্ত তালিকায় মনোনয়নপ্রাপ্তদের পক্ষ থেকে আমরা গাজায় চলতি গুলিবর্ষণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছি। ফিলিস্তিনের বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের জরুরি মানবিক প্রয়োজন বিবেচনা করে একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।’



