
আন্তর্জাতিক
কঙ্গোতে পদপৃষ্ট হয়ে নিহত ৩৭
আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী ব্রাজাভিলে একটি স্টেডিয়ামে সেনাবাহিনীতে নিয়োগ চলার সময় পদপৃষ্ট হয়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছে।
স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে জানানো হয়েছে, কিছু মানুষ স্টেডিয়ামের গেট দিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ার চেষ্টা চালালে পদচাপায় ওই দুর্ঘটনা ঘটে। খবর: এপি ও বিবিসির।
গত সপ্তাহে কঙ্গোর সেনাবাহিনী ১৮ থেকে ২৫ বছর বয়সের প্রায় ১,৫০০ মানুষ নেয়ার পরিকল্পনা ঘোষণা করেছিল। পদপৃষ্ট হয়ে কতজন আহত হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।
সরকারি এক বিবৃতিতে একটি ‘সংকটকালীন ইউনিট’ গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার লাইনের প্রথমে দাঁড়ানোর জন্য সোমবার রাতেই হাজার হাজার তরুণ ওই স্টেডিয়ামে জড়ো হয়েছিল।



