
দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখে পড়তে যাচ্ছে ইসরায়েল: ম্যাক্রোঁ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে ইসরায়েল যে যুদ্ধ করছে তা দেশটিকে এক দশকের দীর্ঘস্থায়ী যুদ্ধের ঝুঁকিতে ফেলতে পারে। ২ ডিসেম্বর, শনিবার দুবাইতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে আলোচনার ফাঁকে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতি এই সতর্কবার্তা দিয়েছেন তিনি।
ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি মনে করি আমরা এমন এক পর্যায়ে আছি যেখানে ইসরায়েলি কর্তৃপক্ষকে তাদের উদ্দেশ্য এবং কাঙ্ক্ষিত লক্ষ্যগুলোকে আরও সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে।’
ম্যাক্রোঁ বলেছেন, ‘হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার সংজ্ঞা কী। কেউ কি এটা সম্ভব বলে মনে করেন? যদি তা হয়, তাহলে এই যুদ্ধ ১০ বছর স্থায়ী হবে।’
হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান এই সংঘাতে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ধাপে ধাপে প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।
ফরাসি প্রেসিডেন্ট, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দেখা করতে শনিবার রাজধানী দোহায় যান। উপসাগরীয় এই দেশটি সংঘাতের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
তবে ইসরায়েলি প্রতিনিধি দল কাতার ছেড়ে চলে যাওয়ার পর তিনি দেশটিতে পৌঁছেছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান যুদ্ধবিরতি আলোচনায় একটি অচলাবস্থার উল্লেখ করে প্রতিনিধিদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করেছে। ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া ১ সপ্তাহের এই যুদ্ধবিরতির সময় ৮০ জন জিম্মির বিনিময়ে ২৪০ জন ফিলিস্তিনি মুক্তি পায়।
উল্লেখ্য, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর ১ ডিসেম্বর সকাল থেকে গাজা উপত্যকায় পুনরায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা জানিয়েছে, যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার পর থেকে গাজায় ৪শ’ টিরও বেশি হামলা চালিয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড



