
নিউ ইয়র্কে শো টাইম মিউজিকের ১৩তম এনআরবি অ্যাওয়ার্ড প্রদান
শো টাইম মিউজিকেরর এনআরবি অ্যাওয়ার্ড প্রদান ১৩ বছরে পা ফেলেল। নিউ ইয়র্কের কুইন্স প্যালেস অডিটরিয়ামে আয়োজিত হয়ে গেল শো টাইম মিউজিকের ১৩তম এনআরবি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
বাংলাদেশের চলচ্চিত্র অভিনয় শিল্পী ও নায়িকা মৌসুমীর উপস্থিতি এ আয়োজনের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছিল।
শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম বলেন, ১৩তম আসরেও আপনাদের সরব উপস্থিতি প্রমাণ করে আপনারা শো টাইম মিউজিকের এই অ্যাওয়ার্ড প্রদানকে যথার্থ মনে করেন। অর্থাৎ আমরা মানুষকে সম্মানীত করার যে প্রক্রিয়া অনুসরণ করছি সেটি সঠিক পথেই এগুচ্ছে। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে এ কাজটি আগামীতেও অব্যাহত থাকবে।
বাবু জামান আর সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণছিল। প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী বলেন, প্রবাসে থেকেও যে সকল বাবা মা তাদের সন্তানদের মাঝে দেশীয় সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতি ধরে রাখতে এত পরিশ্রম করছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এখানে জন্ম নেওয়া শিল্পীদের পরিবেশনায় তিনি মুগ্ধতা প্রকাশ করেন।
এ সময় ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী বলেন, দিনে দিনে এনআরবি অ্যাওয়ার্ড একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পরিণত হয়েছে। আর এই আয়োজন করে আলমগীর খান আলম যোগ্য ব্যক্তিদের সম্মানীত করে নিজেকেই সম্মানীত করছেন। আমি এর সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব।
নিউইয়র্কের সেরা শিল্পীদের নাচ আর গানের ফাঁকে ফাঁকে শিল্পী, সাহিত্যিক,সমাজকর্মীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন চিত্রনায়িকা মৌসুমীসহ অতিথিরা। এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী আলভিন, নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস, রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিমসহ অর্ধ শতাধিক ব্যক্তির হাতে এনআরবি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সারওয়ারুল হাসান, নূরুল আজিম, আহসান হাবিব, মোস্তাকিম বিল্লাহ, মাকসুদুল এইচ চৌধুরী, শাকিল মিয়াসহ অনেকে। এর আগে প্রিয়া ডায়েসের নেতৃত্বে নৃত্য শিল্পীদের পরিবেশনা দর্শকদের মন ছুঁয়ে যায়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শামীম সিদ্দিকী, কৃষ্ণা তিথি, বিন্দু কনা, আলভিন, রওশন আরা কাজল, ড. কামরুল হকসহ একঝাঁক তারকা শিল্পী।



