
ইসরায়েলি গোলায় লেবাননের মেয়র নিহত
ইসরায়েলের গোলাবর্ষণে প্রতিবেশী দেশ লেবাননের এক মেয়র নিহত হয়েছেন। নিহত ওই মেয়রের নাম হুসেইন মনসুর। ইসরায়েলি গোলার আঘাতে গত সোমবার (১১ ডিসেম্বর) নিজের বাড়িতে তিনি প্রাণ হারান।
তিনি ইসরায়েল সীমান্তবর্তী লেবানিজ একটি গ্রামের মেয়র ছিলেন। নিহত ওই মেয়রের একজন আত্মীয় এবং লেবাননের জাতীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
নিহত মেয়রের আত্মীয় মোহাম্মদ মনসুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইসরায়েলের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তাইবেহ গ্রামে নিজের বাড়িতে ইসরায়েলি গোলার আঘাতে হুসেইন মনসুর নিহত হন।
ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
গাজা যুদ্ধের রেশ বেশ ভালোভাবেই পড়েছে ইসরায়েলের আরেক প্রতিবেশী লেবাননে। সোমবার দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এক বিবৃতিতে, সেদিন সবধরণের প্রশাসনিক দপ্তর বন্ধ রাখার ঘোষণা দেন। গাজা ও লেবানন সীমান্তে অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধে সরকার ও লেবানিজরা এই কর্মসূচি পালন করে।



