
জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর, সহায়তার অচলাবস্থা কাটার আশা
ইউক্রেন যুদ্ধের দুই বছরের মধ্যেই পরোক্ষভাবে আরেকটি যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধ আপাতত ইসরায়েলি স্বার্থ বড় মনে হলেও ওই যুদ্ধের নেপথ্য সুফলভোগী যুক্তরাষ্ট্রই। মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে সেখানে যুক্তরাষ্ট্র তার সক্রিয় ও সবল উপস্থিতির জানান দিতেই ইসরায়েলকে সহায়তা করে যাচ্ছে। শুধু তাই নয়, সেখানে হামাস তথা হিজবুল্লাহ ও ইরানকে চাপে রাখতে নিজের মরিয়া ভাবও আড়াল করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে অর্থনৈতিকভাবে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি চাপে পড়েছে দেশটি। এ অবস্থায় একই সঙ্গে দুটি দেশকে অর্থ ও অস্ত্র দিয়ে নিরন্তর সহায়তা চালিয়ে যাওয়া সম্ভব না। তাই গত সপ্তাহে হোয়াইট হাউজ জানিয়েছিল, ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের অর্থ এবং সময় শেষ হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস যদি অতিরিক্ত তহবিল সরবরাহের জন্য বিল পাস না করে তাহলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ করা কঠিন হয়ে যাবে।
এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে তার স্ত্রী ওলেনা জেলেনস্কা সহায়তার আকুতি জানিয়েছিলেন পশ্চিমা বিশ্বের প্রতি। এরমধ্যেই খবর এলো জেলেনস্কিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন।
এ অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে- জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরে কি সহায়তা নিয়ে অচলাবস্থা কাটবে? রয়টার্স জানিয়েছে, আজ মঙ্গলবার হোয়াইট হাউজের আমন্ত্রণে ওয়াশিংটন সফর করবেন জেলেনস্কি। সফরকালে প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান সিনেটরদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, বাইডেন ও জেলেনস্কি যুদ্ধের জরুরি প্রয়োজন নিয়ে কথা বলবেন।
এর আগে রিপাবলিকান সিনেটররা ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের নতুন তহবিল আটকে দেয়, যা শীতকালে রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছিল। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিকে ১১১ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। তবে গত অক্টোবরে বাইডেনের প্রশাসন কংগ্রেসকে ইউক্রেন, ইসরায়েল এবং মার্কিন সীমান্ত নিরাপত্তার জন্য প্রায় ১০৬ বিলিয়ন ডলার তহবিল পাসের জন্য অনুরোধ করেছিল। এই প্যাকেজে ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলার ও ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলার বরাদ্দ রাখার কথা ছিল। কিন্তু রিপাবলিকানদের বিরোধিতায় তা আটকে যায়।
পরে চলতি মাসেই মার্কিন কংগ্রেসের প্রতি ইউক্রেনের জন্য অতিরিক্ত তহবিল সরবরাহের আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউজ। কিন্তু রিপাবলিকনারা তাতে গুরুত্ব দেয়নি। তাদের ভাষ্য, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের বিপুল ডলার ঢালা হলেও তাতে কাক্সিক্ষত ফলাফল আসেনি অর্থাৎ রাশিয়ার পরাজয় হয়নি। তাই তারা সেখানে আর অর্থের অপচয় না করাই ভালো।



