খেলাপ্রধান খবর

আক্ষেপ মাত্র ৩ রানের

রূপসী বাংলা ডেস্ক:দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত খেললেও মাত্র ৩ রানের আক্ষেপময় হার নিয়ে মাঠ ছাড়তে হল টাইগারদের।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুতেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। ইনিংসের সপ্তম ওভারে মাশরাফি মুর্তজা এলবিডাব্লিউ করেন এভিন লুইসকে (১২)। বাংলাদেশের অধিনায়ক তার চতুর্থ ওভারের প্রথম বলে ২৯ রানে ভাঙেন উদ্বোধনী জুটি। টানা দ্বিতীয় ম্যাচে লুইসকে নিজের শিকার বানান মাশরাফি।

শাই হোপকে নিয়ে ক্রিস গেইল জুটিটা বড় করতে পারেননি। ব্যক্তিগত ২৯ রানে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডাব্লিউ হন ক্যারিবিয়ান ওপেনার। ৫৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। তারপর হোপকে ২৫ রানে কভারে সাব্বির রহমানের ক্যাচ বানান সাকিব আল হাসান।

২৪তম ওভারে বল হাতে নিয়েই উদযাপন করেন রুবেল হোসেন। আগের ম্যাচে প্রথম বলে উইকেট পাওয়া এই পেসার এদিন পঞ্চম বলে জেসন মোহাম্মদকে (১২) মুশফিকুর রহিমের ক্যাচ বানান। ১০২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল একসঙ্গে ক্রিজে থেকে সেই চাপ কাটান। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি হাঁকিয়ে শক্ত জুটি গড়েন হেটমায়ার। এই বাঁহাতি ব্যাটসম্যান ১০৩ রানের জুটি গড়েন। তবে ৪৪ রানে রভম্যানকে বোল্ড করে তাদের বিচ্ছিন্ন করেন রুবেল। তিন বল পরই হেটমায়ারকে ৭৯ রানে আউট করতে পারতেন তিনি। কিন্তু সাকিব ডিপ মিডউইকেটে ক্যাচ ছেড়ে দেন।

ক্যাচ মিস করার প্রায়শ্চিত্ত সাকিব করেন জেসন হোল্ডারকে (৭) স্টাম্পিং করে। এক ওভার বিরতি দিয়ে মোস্তাফিজুর রহমান অ্যাশলে নার্সকে (৩) তামিম ইকবালের ক্যাচ বানান। তারপর টানা দুই ওভারে কিমো পল ও দেবেন্দ্র বিশু উইকেট হারান রুবেল ও মোস্তাফিজের বলে।

জীবন পাওয়া হেটমায়ার ৮৪ বলে ৩ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি করেন। শেষ ওভারের তৃতীয় বলে তিনি রান আউট হন ১২৫ রানে। তার ৯৩ বলের ইনিংসে রয়েছে ৩ চার ও ৭ ছয়। রুবেল সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পেয়েছেন মোস্তাফিজ ও সাকিব। জবাবে ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা হয় বেশ ভালো। ওপেনিং জুটিতে আসে ৩২ রান। ২৩ রান করে ফেরেন এনামুল হক। আবারো সাকিবকে নিয়ে দারুণ জুটি গড়ে তোলেন তামিম। ফলে এগোতে থাকে সফরকারীরা। তবে হঠাৎই ছন্দপতন। ২৫ ওভারে বিশুর স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন তামিম (৫৪)। ফেরার আগে দ্বিতীয় উইকেটে সাকিবের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন ড্যাশিং ওপেনার।

সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি সাকিব (৫৬)। কিছুক্ষণ পরই নার্সকে অযাচিত শট খেলতে গিয়ে ফেরেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার ফিরলে দলের হাল ধরেন মুশফিক। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন মাহমুদুল্লাহ। ধীরে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন তারা। কিন্তু এক ভুল বোঝাবুঝিতেই তাদের প্রচেষ্টা হার মানে। দলীয় ২৩২ রানে রানআউটে কাটা পড়েন মাহমুদুল্লাহ (৩৯)।

মাহমুদুল্লাহ ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন মুশফিক। তবে শেষদিকে তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। আবারো ফিনিশিং টাচ দিতে ব্যর্থ সাব্বির। ৪৯ ওভারের শেষ বলে হেটমায়ারকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে ফিরে যান তিনি। ফিনিশিং টানতে পারেননি মিস্টার ডিপেন্ডেবলও। ৫০ ওভারের প্রথম বলে সময়ের দাবি মেটাতে গিয়ে হোল্ডারে শিকার হন তিনি। এতে বৃথা যায় তার ৬৭ বলে ৫ চার ও ১ ছক্কায় সাজানো ৬৮ রানের লড়াকু ইনিংস। তবু সুযোগ ছিল। শেষ ৫ বলে লাগত ৮ রান। তবে এ সহজ সমীকরণ মেলাতে পারেননি মাশরাফি-মোসাদ্দেক। শেষ পর্যন্ত ২৬৮/৬ রানে থামে টাইগারদের দৌড়।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, কিমো পল, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স, আলজারি জোসেফ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension