
যুক্তরাজ্যে অ্যাওয়ার্ড পেলেন দুই বাংলাদেশি
যুক্তরাজ্যের প্রয়াত প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার স্মরণে চলতি বছর বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্বজুড়ে ২০ জন ব্যতিক্রমী তরুণ ও তরুণীকে দ্য লিগ্যাসি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর এই পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দুই জন বাংলাদেশি।
দ্য লিগ্যাসি অ্যাওয়ার্ড মূলত প্রশংসনীয় সামাজিক কর্ম বা মানবিক কাজের জন্য দেওয়া হয়। দ্য ডায়ানা অ্যাওয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, রোমানিয়া, জ্যামাইকা, কেম্যান দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়া থেকে তরুণ-তরুণীরা এ বছর অ্যাওয়ার্ড পেয়েছেন।
ডায়না অ্যাওয়ার্ডের প্রধান নির্বাহী ড. টেসি ওজো সিবিই বলেন, ‘বিশ্বকে পরিবর্তন করার ক্ষমতা রয়েছে তরুণদের। সাহস, নিঃস্বার্থতা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে তারা প্রচণ্ড প্রতিকূলতার সম্মুখীন হয়ে পরিবর্তন আনছেন। আজ এবং আগামী বছরগুলোতে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের সহানুভূতি ও দৃঢ়তার গুরুত্ব অপরিসীম।’
সংশ্লিষ্টদের ভাষ্য, একটি স্বাধীন বিচারক প্যানেল ২০ জনকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য বেছে নিয়েছে। ব্যতিক্রমী ব্যক্তিদের একটি দল থেকে মাত্র ২০ জনকে বেছে নেওয়ার কাজটি কঠিন ছিল।



