
ইফতারে ঘাস খাচ্ছেন ফিলিস্তিনিরা
অনেক ফিলিস্তিনি এখন বাধ্য হয়ে ঘাস দিয়ে তৈরি করা স্যুপ খাচ্ছেন। এ সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। এতে দেখা যাচ্ছে, এক ফিলিস্তিনি পরিবার সারাদিন রোজা রেখে ইফতারের সময় পশুপাখির খাবার ঘাস খাচ্ছেন।
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের ছয় মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় গাজাবাসী কতটা অসহায় হয়ে পড়েছেন, সেটির নির্মম চিত্র ফুটে উঠেছে এই ছবিতে।
ছবিটি দেখার পর বেশিরভাগ মানুষই ব্যথিত হয়েছেন। আবার অনেকের মনে প্রশ্ন জেগেছে ক্ষুধার তাড়নায় যে ফিলিস্তিনিরা ঘাস খাচ্ছেন সেগুলো তাদের দেহের জন্য ক্ষতিকর হচ্ছে কি না?
গাজার এক পরিবার সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইয়ের সাংবাদিককে জানিয়েছেন, তারা ঘাস তুলে সেগুলো বাধ্য হয়ে রান্না করে খাচ্ছেন। তারা জানিয়েছেন, ঘাস হলেও শিশুদের সঙ্গে তারা মিথ্যা বলেন। শিশুদের তারা বলে থাকেন এগুলো মুলুখেয়া। যেটি উদ্ভিদ বিশেষ একটি খাবার।
অপর সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ নিশ্চিত করেছেন, তীব্র খাদ্য সংকট দেখা দেওয়ায় গাজার অনেক মানুষ ঘাস খাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গাজার শিশুরা ঘাস সংগ্রহ করছে। এক মা জানিয়েছেন, তার শিশু খুবই দুর্বল এবং সবসময় ডায়রিয়াতে ভুগছে। আর তাদের চেহারা সব সময় হলুদ হয়ে থাকে। ময়লা পানি ও ঘাস খাওয়া শুরুর পর থেকেই মূলত এমনটি হচ্ছে।
সূত্র: মিডেল ইস্ট আই



