ভারত

অরুণাচলের ৩০ জায়গার নাম বদলে দিল চীন, ক্ষুব্ধ ভারত

অরুণাচল প্রদেশ নিয়ে চীন-ভারতের মধ্যে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। কারণ এ প্রদেশকে চীন নিজেদের রাজ্য ‘জ্যাংনান’ হিসেবে দাবি করে। অরুণাচলের ৩০টি জায়গার নতুন নামকরণ করেছে বেইজিং। ১ মে থেকে এই নতুন নামগুলো কার্যকর হবে বলেও জানিয়েছে চীন। এতে স্বাভাবিকভাবেই চরম ক্ষুব্ধ হয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছেন, আপনার বাড়ির নতুন নাম দিলে, বাড়িটা কি আমার হয়ে যাবে? এসব নামকরণ করে কোনো লাভ নেই। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে।

সোমবার (১ এপ্রিল) অরুণাচলের ৩০টি অঞ্চলের নাম নিজেদের মতো করে প্রকাশ করে চীন। এ নিয়ে চতুর্থ দফায় প্রদেশটির বিভিন্ন এলাকার চীনা নাম প্রকাশ করল দেশটি।

নতুন তালিকায় ১২টি আবাসিক এলাকা, ১১টি পাহাড়, চারটি নদী, একটি সুড়ঙ্গ ও দুটি খালি এলাকা রয়েছে। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে জানানো হয়েছে সামনের মাসের প্রথম দিন থেকেই এসব নাম কার্যকর হতে যাচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নির্বোধের মতো কাজ করেছে চীন। নতুন নামকরণ করলেও বাস্তবতা বদলে যাবে না। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে আর থাকবে। বেইজিংয়ের নতুন এ নামকরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চীনের দীর্ঘদিনের বিবাদ চলে আসছে। এর আগে ২০১৭ সালে প্রথমবার অরুণাচলের ছয়টি স্থানের চীনা নাম প্রকাশ করা হয়। পরে ২০২১ সালে দ্বিতীয় দফায় ১৫টি আর ২০২৩ সালে তৃতীয় দফায় আরও ১১টি স্থানের নামের তালিকা প্রকাশ করে চীন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, টানেল উদ্বোধনের পর থেকেই বেইজিং অরুণাচল নিয়ে নতুন করে বিবাদ শুরু করে। এরপর থেকেই মূলত জ্যাংনান অর্থাৎ অরুণাচল নিজেদের অংশ বলে আন্তর্জাতিক মহলে প্রচার শুরু করে চীন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension