আন্তর্জাতিক

ব্রাজিলে ভারী বৃষ্টিপাত-বন্যায় নিহত ৩৯, নিখোঁজ ৬৮

কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও বন্যায় তলিয়ে গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সুল। রাজ্যটিতে প্রবল বর্ষনে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং ৬৮ জন নিখোঁজ রয়েছে।

রিও গ্রান্দে দো সুলের নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের বরাতে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাজ্যটির নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক এ দুর্যোগে ৬৮ জন এখনও নিখোঁজ রয়েছে। ঝড়-বৃষ্টিতে রাজ্যের ৪৯৭টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃত্যু ও নিখোঁজের পাশাপাশি এসব শহরের অন্তত ২৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে সাংবাদিকদের বলেন, ‘আগামী কয়েক দিনে আরও অনেক এলাকায় আমরা পৌঁছাতে সক্ষম হব। তখন মৃত্যুর সংখ্যায় আরও পরিবর্তন আসতে পারে।’

গত কয়েকদিনের প্রবল বর্ষনে রিও গ্রান্দে দো সুলের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সড়ক ও সেতু। এ ছাড়া ঝড়ের কারণে স্থানীয় একটি জলবিদ্যুৎকেন্দ্রের জলাধারের আংশিক ধসে পড়েছে। আরেকটি জলাধারও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। সেখান থেকে লোকজনকে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে প্রবল বৃষ্টির কারণে পানির তোড়ে রাজ্যের রাজধানী পোর্তো এলেগ্রের ওপর দিয়ে বয়ে যাওয়া গুয়াইবা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি উপচে শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে শহরের কেন্দ্রে প্রবেশে বাধার মুখে পড়ছেন উদ্ধারকারীরা।

ভৌগোলিক অবস্থানের কারণে রিও গ্রান্দে দো সুলে প্রায়শই চরম আবহাওয়া দেখা যায়। স্থানীয় বিজ্ঞানীদের ধারণা, জলবায়ু পরিবর্তনের কারণে এই চরম আবহাওয়া ক্রমশ খারাপ রূপ নিচ্ছে। কখনো কখনো সেখানে প্রবল বৃষ্টিপাত হয়। কখনো আবার দেখা দেয় খরা।

এদিকে দুর্যোগের মধ্যেই গত বৃহস্পতিবার রাজ্যটি পরিদর্শনে যান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এ সময় তিনি রাজ্যের গভর্নরের সঙ্গে উদ্ধার অভিযানের বিষয়ে আলাপ করেন এবং উদ্ধারকাজে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension