
খেলা দেখতে ফ্লোরিডা ছুটছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা
রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠেয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ দেখতে ফ্লোরিডায় ছুটছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।
৪ ও ৫ অগাস্ট স্থানীয় সময় সন্ধ্যা আটটা ও বাংলাদেশ সময় সকাল ছয়টায় দক্ষিণ ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রাওয়ার্ড ওভাল স্টেডিয়ামে এ ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দুই দেশের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের আয়োজন করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
এ খেলাকে কেন্দ্র করে ফ্লোরিডাসহ নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, জর্জিয়া, ওয়াশিংটন, টেক্সাস, মিশিগান ও ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। শত শত প্রবাসী ছুটছেন সূর্য উদয়ের রাজ্য ফ্লোরিডায়।
অনলাইনে টিকেট কাটার প্রতিষ্ঠান ক্যয়জঙ্গা অথবা ক্যয়জঙ্গা লিংক দুটোকে ক্লিক করে খেলার টিকেট পাওয়া যাচ্ছে বলে জানান ফ্লোরিডার কমিউনিটি নেতা আতিকুর রহমান আতিক ও হাফিজুর রহমান।
আতিকুর জানান, খেলা দুটির টিকেট প্রতিদিনের জন্য গ্রাউন্ড ২৫, জেনারেল স্ট্যান্ড ৪০, প্রিমিয়াম ৬০, পার্টি স্ট্যান্ড ১০০ ও ভিআইপি ২৫০ ডলার ঠিক করা হয়েছে।
টি-টোয়েন্টি সিরিজ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আতিকুর রহমান ৯৫৪-৮১৮-২৯৭০ ও হাফিজুর রহমান ৯৫৪-৯০৭-৯১০৬ এর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান তারা।
জানা গেছে, এ প্রতিযোগিতায় দুইদিনের ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার দেবে প্রবাসীদের সংস্থা ‘ফামা ক্যাশ’। ফামা ক্যাশের পক্ষে এ পুরস্কার দেবেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান। এছাড়া ‘ম্যান অব দ্য সিরিজ’ পুরস্কার দেবেন নিউ ইয়র্কের আবাসন বিনিয়োগকারী মো. আনোয়ার হোসেন।
সূত্র:বিডিনিউজ



