
ইউরোপে বাড়ছে ডেঙ্গুবাহী মশার বিস্তার
ইউরোপে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের ১৩টি দেশে এই মশার বিস্তার প্রকট আকার ধারণ করেছে। এই পরিস্থিতির সতর্কতা করে মঙ্গলবার (১২ জুন) এ তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বাস্থ্য সংস্থা।
স্টকহোমভিত্তিক ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (ইসিডিসি) পরিচালক আন্দ্রেয়া অ্যামন একটি সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপে জলবায়ু পরিবর্তনের কারণে আক্রমণাত্মক মশার প্রাদুর্ভাব বেড়েছে।
যা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা মতো মহামারি রোগ ছড়িয়ে পড়ছে। তিনি আরো বলেন, গ্রীষ্মের উচ্চ তাপমাত্রা ও হালকা শীত এই মশা বিস্তারের জন্য সহায়ক ভূমিকা পালন করে।
ইসিডিসি জানায়, সম্প্রতি অস্ট্রিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, মাল্টা, পর্তুগাল, রোমানিয়া, স্লোভানিয়া ও স্পেনে এরই মধ্যে এডিস মশা শনাক্ত হয়েছে।
বেলজিয়াম, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস ও স্লোভাকিয়ায় এর আগেও এডিস মশা শনাক্ত হয়েছিল। এডিস মশা ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মতো রোগের বিস্তার ঘটায়। এই রোগগুলো সাধারণত এশিয়া, আফ্রিকা ও আমেরিকার দেশগুলোতে দেখা যায়।
দুই দশক ধরে ইউরোপে বড় হুমকিতে পরিণত হচ্ছে মশা।
বিশেষ করে বিশ্বে মশার সবচেয়ে প্রাণঘাতী প্রজাতি এডিস অ্যালবোপিকটাস দক্ষিণ ইউরোপ থেকে এখন পুরো ইউরোপে ছড়িয়ে পড়ছে। গত কয়েক বছরে ইউরোপে ডেঙ্গু জ্বরের বিস্তার দেখা গেছে। ফ্রান্স, ইতালি, স্পেনসহ বেশ কয়েকটি দেশে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই ভ্রমণ করতে গিয়ে এ রোগে সংক্রমিত হন। গত বছর ইউরোপে প্রায় পাঁচ হাজার মানুষ ভ্রমণে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন।
তবে স্থানীয়ভাবে আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়ছে। গত বছর ইউরোপে ১৩০ জন স্থানীয়ভাবে ডেঙ্গুতে সংক্রমিত হন। এর আগের বছর ছিল ৭১ জন।
এ বছর মার্চের শুরুতেই স্পেনের দক্ষিণাঞ্চলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সময়ের অনেক বেশি আগে ‘ডেঙ্গু ছড়িয়ে পড়া’ নিয়ে তাই উদ্বিগ্ন ইসিডিসি। এ জন্য তারা জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১০০টির বেশি দেশে ডেঙ্গু জ্বর মহামারি আকার নিয়েছে। সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটছে বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে।
২০২৩ সালে ইইউ প্লাস আইসল্যান্ড, লিচেনস্টাইন ও নরওয়ে (ইইএ) সমন্বিত অঞ্চলে স্থানীয়ভাবে ১৩০টি ডেঙ্গুর ঘটনা লিপিবদ্ধ করেছে। ২০২২ সালে ৭১টি ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল। ইসিডিসি জানিয়েছে, ২০১০ থেকে ২০২১ সালের চেয়ে এটি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তখন ৭৩টি এমন ঘটনা ঘটেছিল।
সূত্র: বিবিসি ও এনডিটিভি



