আন্তর্জাতিক

ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার দায়ে ৫ জনের কারাদণ্ড

ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যার দায়ে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গতকাল শুক্রবার এই আদেশ দেন দেশটির তিন বিচারক।

গত বছরের ৯ আগস্ট রাজধানী কিটোতে এক নির্বাচনি সমাবেশ থেকে বের হওয়ার সময় জাতীয় পরিষদের সদস্য ও সাবেক সাংবাদিক ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়। তিনি দুর্নীতি, রাজনৈতিক অপরাধ এবং সংঘবদ্ধ অপরাধবিরোধী ছিলেন। খবর বিবিসি ও রয়টার্সের

অ্যাটর্নি জেনারেলের অফিস সূত্রে জানা যায়, কার্লোস এডউইন লারা (ইওয়ান ইনভিসিবল) কারাগার থেকে ভিলাভিসেনসিওকে হত্যার আদেশ দেন, যখন লরা ডায়ানারা ক্যাস্টিলো দায়িত্বে ছিলেন।

রায়ে লস লোবোস গ্যাংয়ের নেতা কার্লোস অ্যাঙ্গুলো এবং লরা ক্যাস্টিলোকে হত্যাকাণ্ড পরিচালনার জন্য ৩৪ বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর হামলায় সহায়তার দায়ে এরিক র‌্যামিরেজ, ভিক্টর ফ্লোরেস এবং আলেক্সান্দ্রা চিম্বোকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিন বিচারকদের একজন মিল্টন মোরতো বলেন, এই রায়ের বিরুদ্ধে উভয় পক্ষই আপিল করতে পারবে।

এর আগে শুনানিতে কৌঁসুলিরা অভিযোগ করেছিলেন, ‘দ্য ইনভিজিবল’ হিসেবে পরিচিত অ্যাঙ্গুলো কিটো কারাগার থেকে ওই হামলার নির্দেশ দিয়েছিলেন। অস্ত্র মামলায় তিনি ৫৪ মাসের কারাদণ্ড ভোগ করছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে অ্যাঙ্গুলো দাবি করেন, ভিলাভিসেনসিও হত্যার ঘটনায় তাকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে।

কাস্টিলাকে হামলার রসদ সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি অস্ত্র, অর্থ ও মোটরসাইকেল হামলাকারীদের হাতে তুলে দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়। দণ্ডিত বাকি তিনজন এরিক রামিরেজ, ভিক্টর ফ্লোরেস ও আলেকজান্দ্রা চিম্বোর বিরুদ্ধে হামলায় সহায়তার অভিযোগ আনা হয়। তারা ভিলাভিসেনসিওর গতিবিধির ওপর নজর রাখছিলেন।

বিচার চলাকালে ৭০ জনেরও বেশি মানুষ সাক্ষ্য দিয়েছেন, যার অন্যতম প্রধান এক সাক্ষী বলেছিলেন যে, ভিলাভিসেনসিওকে হত্যা করার জন্য ওই গ্যাং তাকে দুই লাখেরও বেশি ডলার প্রস্তাব দিয়েছিল।

বিবিসি লিখেছে, নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এ রাজনীতিক মৃত্যু হুমকি পেয়েছিলেন এবং তাকে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছিল। কিন্তু তিনি প্রচারণা অব্যাহত রাখেন; এর মধ্যে ৯ অগাস্ট কিটোর উত্তরে একটি স্কুলের বাইরে একদল আততায়ী তাকে গুলি করে হত্যা করে।

বিচার চলাকালে কৌঁসুলিরা বলেন, হত্যাকাণ্ডে জড়িত একজন ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন। এছাড়া ছয়জন কলম্বীয় পুরুষকে গ্রেপ্তার করা হয়েছিল, প্রাক-বিচারের জন্য এল লিটোরাল কারাগারে রাখা অবস্থায় তারা হত্যার শিকার হন।

কৌঁসুলিরা জানান, হত্যার জন্য লস লোবোসকে কে নিয়োগ করেছিল, সে বিষয়ে আলাদা একটি তদন্ত চলছে।

আদালত যে রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন ভিলাভিসেনসিওর স্ত্রী ভেরোনিকা সারাউজ। তবে তিনি বলেছেন, এই রায়ের মাধ্যমে তার স্বামীর মৃত্যুর পেছনের কাহিনী জানার সূচনা হলো মাত্র।

লাতিন আমেরিকার তুলনামূলক নিরাপদ ও স্থিতিশীল দেশ হিসেবেই ইকুয়েডরের পরিচিতি আছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কলম্বিয়া ও মেক্সিকোর মাদক চক্রের ক্রমবর্ধমান উপস্থিতিতে অপরাধ বেড়ে গেছে। তাতে স্থানীয় অপরাধীরাও মাথা চাড়া দিয়ে উঠছে।

অ্যাঙ্গুলোর লস লোবোসের সঙ্গে মেক্সিকোর শক্তিশালী অপরাধী সংগঠন জালিসকো নিউ জেনারেশন কার্টেলের যোগসূত্র আছে বলে বিবিসি জানিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension