প্রবাস

বাহরাইনে ইমাম হত্যায় বাংলাদেশি মোয়াজ্জেন আটক

রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশি এক মোয়াজ্জেনের হাতে বাহরাইনে ওই দেশের নাগরিক একই মসজিদের ইমাম আবদুল জলিল হামদকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা মুয়াজ্জিন কামাল উদ্দীনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

জানা গেছে, ৫ আগস্ট বাহরাইনের আসকর এলাকার স্ক্যাব ইয়ার্ডের পাশে বস্তাবন্দি কিছু একটা মোয়াজ্জেন কামাল ফেলে যায়। এসময় স্ক্যাব ইয়ার্ডে কর্মরত দুই শ্রমিকের সন্দেহ হয়। তারা ওই মোয়াজ্জেনের কাছে জানতে চান, ব্যাগের ভেতর কী? তিনি প্রথমে জানান ব্যাগটি ময়লাভর্তি। একপর্যায়ে তাদের সন্দেহ হলে তিনি জানান, তার শিশু বাচ্চা মারা গেছে- তা ফেলে দিতে ব্যাগে করে নিয়ে এসেছেন। তাদের সন্দেহ আরও ঘনীভূত হলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মুয়াজ্জিন কামাল উদ্দীনকে আটক করে এবং একই মসজিদের ইমাম আবদুল জলিল হামদের খণ্ডিত লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মুহররকের সিদা মসজিদে কর্মরত ছিলেন নিহত ইমাম ও আটক মোয়াজ্জেন।

৪ আগস্ট বাদ ফজর থেকে ইমাম আবদুল জলিল হামদ নিখোঁজ ছিলেন।

 

বাহরাইনের ইন্টেরিয়র মন্ত্রণালয় সূত্রে এসব খবর জানা গেছে।

সূত্র আরো জানায়, এই মুয়াজ্জিনের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ ইমামের কাছে গেলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (আল ওক্কাফ) অভিহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মোয়াজ্জেন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা যাচ্ছে।

বাংলাদেশ দূতাবাসের শ্রমসচিব শেখ তৌহিদুল ইসলাম, জানান, ঘটনাটি এমন একটি সময় ঘটেছে- যখন বাংলাদেশিদের প্রতি বাহরাইনিদের নেতিবাচক ধারণা পাল্টে যেতে শুরু করছিল। কারণ, বাংলাদেশ দূতাবাস গত কয়েক সপ্তাহে বাহরাইনের মিনিস্ট্রি অব ইন্টেরিয়রের সঙ্গে যৌথভাবে গুরুতর অপরাধী বাংলাদেশিদের ধরতে বিভিন্ন সফল অভিযান পরিচালনা করে আসছিল এবং বাংলাদেশি এলাকায় অপরাধপ্রবণতা থেকে সরে আসতে বিভিন্ন লিফলেট ও পোস্টার বিতরণ করেছিল। বেশ কিছুদিন থেকে বাহরাইনে বাংলাদেশিদের সংকুচিত শ্রমবাজার সম্পর্কে তারা নতুন করে ভাবতে শুরু করছিল। এ সময় এই ঘটনা হয়তো তাদের ধারণা পাল্টে দিতে পারে। তবে আমাদের রাষ্ট্রদূত কে এম মমিনুর রহমান এ ব্যাপারে মিনিস্ট্রির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং আমরা আশাবাদী বাহরাইন গভর্নমেন্ট বিষয়টিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনায় নেবে এবং আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব।

প্রসঙ্গত, বাহরাইনে প্রায় ৯৫ শতাংশ বাংলাদেশি মুয়াজ্জিন সুনামের সঙ্গে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশি মুয়াজ্জিন ও বাহরাইনে বসবাসরত প্রবাসীদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension