
গণতন্ত্র নির্বাসিত কালের কফিনে
স্বৈরাচারী মায়াকান্না নিখুঁত নাটক;
চাটুকার বুদ্ধিজীবী নেয় সব কিনে
‘জী হুজুর’ ছাড়া আর সকলে আটক।
চোখে তার উন্নয়ন মুখে তার বিষ
বিরুদ্ধ মতের নাম চেতনা বিরোধী;
জনগণ অবগত কেমন জিনিস
আজন্ম আগাছা সাজে নকল ঔষধি।
অপরাধ চিরকাল থাকে না গোপন
একদিন ফাঁস হয় হাড়ির খবর;
দিন রাত হিংসার করেছে রোপন
ইতিহাস খুঁড়ে রাখে তাহার কবর।
ধ্বংসের মুখোমুখি আমার স্বদেশ
অথচ তাহার মুখে বচন মধুর;
প্রতারক যেন আজ সাধু-দরবেশ
ডাকিনীর রূপে দেখি মুখোশ বধূর।
জনতার আদালত করলে সমন
ভেঙে পড়ে মসনদ চোখের পলকে;
ভয়হীন কারাগার নিঠুর দমন
অমানিশা কেটে যায় আলোর ঝলকে।



