
প্রধান খবর
আফগানিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫২
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তালেবান সরকারের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি দুর্ঘটনাই বাস-ট্রাক সংঘর্ষে হয়েছে।
ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র হাফিজ ওমর জানান, বুধবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে কাবুল-কান্দাহার মহাসড়কে একটি যাত্রীবাহী বাস এবং তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। আরেক দুর্ঘটনায় একই হাইওয়ের ভিন্ন এলাকায় একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটে।
তিনি বলেন, আহতদের গজনির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে।
মুখপাত্র আরো জানান, গুরুতর আহতদের কাবুলে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।



