আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে সাহায্য করতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ইতোমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। হলিউডের নামি তারকাদের অনেকের ঘর-বাড়িও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজারের বেশি বসতবাড়ি-স্থাপনা, বাস্তুচ্যুত হয়েছেন লক্ষাধিক বাসিন্দা।

ভয়াবহ এই দাবানল প্রতিহত করার কাজে এবং মানবিক ত্রাণ পাঠাতে প্রস্তুতির কথা ঘোষণা করেছে ইরান।

ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পির হোসেইন কলিভান্দ শনিবার আমেরিকার রেড ক্রসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফ হোলজের কাছে লেখা এক চিঠিতে এ প্রস্তুতির ঘোষণা দিয়েছেন।

কলিভান্দ তার চিঠিতে এই ভয়াবহ দাবানলে জানমাল হারানো পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানান।

চিঠিতে তিনি বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় মোকাবিলা করার ব্যাপক অভিজ্ঞতা ইরানের রয়েছে। কাজেই ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি তার র‍্যাপিড রিঅ্যাকশন টিমের পাশাপাশি উদ্ধারকারী সামগ্রী এবং আত্মত্যাগী ও প্রশিক্ষিত কর্মী বাহিনী পাঠাতে নিজের প্রস্তুতির ঘোষণা করছে।

ইরানি রেড ক্রিসেন্টের প্রধান তার চিঠিতে আরও বলেন, ক্যালিফোর্নিয়ার ভয়াবহ এই অগ্নিকাণ্ড কেবল একটি জাতীয় সংকট নয়, বরং তা ‘গোটা মানব সমাজের বিবেকের ওপর একটি ক্ষত’। যা সারা বিশ্বের সমস্ত দায়িত্বশীল ও সহানুভূতিশীল ব্যক্তিদের নাড়া দিয়েছে।

তিনি আরও বলেন, ধোঁয়া ও আগুনে ভরা আকাশের নিচে শ্বাস নিতে কষ্ট হওয়া মানুষগুলোর হৃদয় বিদারক দৃশ্য সহ্য করার মতো নয়। এ সময় তিনি মার্কিন রেড ক্রস প্রধানকে উদ্দেশ করে বলেন, জেনে রাখুন, এই বিপদে আপনারা একা নন।

কলিভান্দ বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবানলগুলো প্রমাণ করে যে, এই প্রাকৃতিক বিপর্যয় রোধ করা আমেরিকার একার পক্ষে সম্ভব নয়। বরং এ কাজে গোটা বিশ্বের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ক্যালিফোর্নিয়ার দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে, এ ধরনের বিপর্যয় শুধু মানুষের জীবনই বিপন্ন করছে না, বরং এই পৃথিবী ও তার পরিবেশের ভবিষ্যতের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে গত ৭ জানুয়ারি থেকে দাবানল ছড়িয়ে পড়ে। যা হাজার হাজার একর জমি এবং অসংখ্য ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। সূত্র: ইরনা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension