
খেলার মাঠ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ১৭৫টি বোমা উদ্ধার
উত্তর যুক্তরাজ্যের শিশুদের একটি খেলার মাঠ থেকে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১৭৫টিরও বেশি বোমা। কর্মকর্তারা আরো বোমা থাকতে পারে বলে আশঙ্কা করছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাজ্যের উত্তরাঞ্চলীয় জেলা নর্থাম্বারল্যান্ডের উলার শহরে স্কটস পার্কের মাটির নিচে থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে।
খেলার মাঠটি সংস্কারের জন্য একটি নির্মাণ প্রকল্প চলাকালীন বোমাগুলো আবিষ্কৃত হয়।
যদিও বোমাগুলো অনুশীলন বোমা, যা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। তবুও বিশেষজ্ঞরা বলছেন, বোমাগুলো এখনো সক্রিয় এবং ক্ষতিকারক হতে পারে। বোমাগুলোর ফিউজ এবং জিনিসপত্র অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বোমাগুলোর অস্তিত্ব সম্পর্কে প্রথম তথ্য পায় উলার প্যারিশ কাউন্সিল।
প্যারিশ কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, ‘উদ্ধার করা প্রতিটি বোমার ফিউজ, ডেটোনেটর এবং অন্যান্য অভ্যন্তরীণ উপাদান অক্ষত রয়েছে।’
গত ১৪ জানুয়ারি শ্রমিকরা ঘটনাস্থলে ভিত্তি খনন করার সময় একটি সন্দেহজনক বস্তু খুঁজে পান। প্রথম বোমাটি পাওয়া যাওয়ার একদিন পর নির্মাণ শ্রমিকরা দ্বিতীয়টি খুঁজে পান। এরপর স্থানীয় কর্মকর্তারা একটি বেসরকারি বোমা নিষ্ক্রিয়কারী সংস্থা, ‘ব্রিমস্টোন সাইট ইনভেস্টিগেশন’-এর সঙ্গে যোগাযোগ করেছিলেন।
২৩শে জানুয়ারি কাজের প্রথম দিন কম্পানিটি আরো ৬৫টি অনুশীলন বোমা, প্রতিটির ওজন ১০ পাউন্ড এবং ধোঁয়া তৈরির কার্তুজ সনাক্ত করে। দ্বিতীয় দিনে ব্রিমস্টোন আরো ৯০টি অনুশীলন বোমা খুঁজে পায় এবং নিরাপদে সেগুলোকে একটি নির্দিষ্ট এলাকায় সরিয়ে দেওয়া হয় বলে কাউন্সিল জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, কর্মকর্তারা জানুয়ারিতে দুইবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রথমে পাওয়া দুটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্য করেছে এবং আরো কোনো বোমা আছে কি না, তা বের করে অপসারনের কথা বলা হয়েছে। উলার প্যারিশ কাউন্সিল জানিয়েছে, তারা আশা করছে আগামী এপ্রিল মাসে সাইটটি নিরাপদ ঘোষণা করার পরে ঠিকাদাররা কাজ শুরু করতে পারবে।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস।



