
টেস্ট জয় থেকে এক কদম দূরে ভারত
রূপসী বাংলা ডেস্ক: ট্রেন্টব্রিজ টেস্ট জয় থেকে এক কদম দূরে ভারত৷ পঞ্চম দিনে এক উইকেট তুলে নিলেই সিরিজে ১-২ প্রত্যাবর্তন করবে ভারতীয় দল৷ কোহলিদের অপেক্ষা আর মাত্র এক উইকেটের৷
চতুর্থ দিন বিরাট প্রত্যাঘাত দিল কোহলি অ্যান্ড কোং৷ দ্বিতীয় ইনিংসে পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে শুরুতে ইংল্যান্ডের ব্যাটিং ধস নামিয়েছিলেন ইশান্ত শর্মা৷ দিনের শেষ সেশনে সুইংয়ের কুতোকাত করে বাকি কাজটা করে দিলেন জসপ্রীত বুমরাহ৷
চোট সারিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেই নিলেন পাঁচ উইকেট৷ ব্রড- অ্যান্ডারসনদের প্রিয় মাঠে দুর্দান্ত বোলিং করে নজর কাড়লেন ভারতীয় পেসার৷ নিলেন জেনিংস, রুট, বাটলার, বেয়ারস্টোর মতো গুরুত্বপূর্ণ উইকেট৷ দিনের তিন সেশন মিলিয়ে ৩১১ রান খরচ করে ইংল্যান্ডের নটি উইকেট তুলে নিয়েছে ভারতীয় দল৷ এক উইকেটের পুঁজি নিয়ে ইংল্যান্ডের এখনও দরকার ২১০ রান৷
দিনের শুরুতে ভারতের হয়ে ইংল্যান্ডের ইনিংসে ভাঙন ধরান ইশান্ত৷ প্রথম সেশনে জোড়া উইকেট তুলে নেন ভারতীয় পেসার৷ দিনের প্রথম ওভারেই জেনিংস ও তৃতীয় ওভারে কুককে সাজঘরের রাস্তা দেখান৷ এরপর রুট ও ওলি পোপের উইকেট তুলে নেন বুমরাহ ও শামি৷ মধ্যাহ্নভোজের আগে ৮৪ রানে চার উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড৷
লাঞ্চের পর বাটলার ও স্টোকস ব্যাট হাতে লড়াই জমিয়ে দিলেও শেষরক্ষা করতে পারেনি৷ বাটলার বুমরাহের শিকার হয়ে মাঠ ছাড়তেই তাসের ঘরের মতো ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে৷ ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় টেস্টে সর্বোচ্চ ১০৬ রান করেন বাটলার৷ স্টোকসও যথাসাধ্য চেষ্টা করলেন৷ ৬২ রানের ইনিংস খেলে লড়াই জারি রাখেন ব্রিটিশ অলরাউন্ডার৷ শেষটায় রাশিদের ব্যাটে ভর করে জিয়ে রয়েছে ব্রিটিশরা৷ ৩০ রানে অপরাজিত থেকে এদিন মাঠ ছাড়লেন ইংল্যান্ড লেগ স্পিনার৷ ৮ রান করে শেষ উইকেটে রাশিদকে যোগ্য সংগত দিচ্ছেন অ্যান্ডারসন৷



