
জাকিরকে নিয়ে মুখে কুলুপ দিল্লির
রূপসী বাংলা ডেস্ক: বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে দেশে ফেরানো নিয়ে মুখ খুলতে নারাজ বিদেশ মন্ত্রক। এই বিষয়ে সরকারের কোনও তথ্য প্রকাশ করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে মন্ত্রী সুষমা স্বরাজের দফতরের পক্ষ থেকে।
বছর দুই আগে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ ওঠে ধর্ম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে। পড়শি রাষ্ট্র বাংলাদেশের রাজধানী শহর ঢাকার গুলশনে ঘটে যায় এক ভয়াবহ জঙ্গি হামলা। সেই হামলায় জড়িতরা জাকিরের বক্তব্য থেকেই হিংসায় অনুপ্রাণিত হয়েছিল বলে জানা যায় তদন্তে।
যখন ধর্ম প্রচারক জাকিরের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠছে তখন তিনি বিদেশে ছিলেন। তারপর থেকে আর দেশে ফেরেননি। সন্ত্রাসবাদে ন্দত দেওয়ার পাশাপাশি আর্থিক তছরুপেও নাম জড়ায় ডাঃ জাকির নায়েকের। বছর দুই ধরে তিনি ভারতের বাইরে একাধিক দেশে থেকেছেন। এই মুহূর্তে তিনি মালেশিয়ায় রয়েছেন। মালয়েশিয়ার সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি থাকায় চলতি বছরের জানুয়ারি মাসে জাকির নায়েককে দেশে ফেরানোর জন্য সরকারিভাবে আবেদন জানায় দিল্লি।
কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও জাকিরের টিকিও ছোঁয়া যায়নি। গত মাসের শুরু দিকে খবর রটেছিল যে ভারতে ফিরছেন জাকির নায়েক। একোটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সেই খবরকে ভুল প্রমাণিত করে জাকির জানিয়ে দেয় যে সে এই মুহূর্তে ভারতে ফিরছে না। জাকিরের পাশে দাঁড়ান মালয়েশিয়ার প্রশাসন। খোদ প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ। যদিও ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছিলেন, জাকির নায়েককে দেশে ফেরানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে ভারত।
এই অবস্থায় জাকির বায়েক নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে সংবাদসংস্থা পিটিআইয়ের এক প্রতিনিধি তথ্যের অধিকার আইনে আবেদন করেন। জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়া সরকার কী জবাব দিয়েছে, তা জানতে চাওয়া হয়। উত্তরে বিদেশমন্ত্রকের তরফে ২০০৫ সালের তথ্যের অধিকার আইনের একাধিক ধারা উল্লেখ করে জানানো হয়, এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা সম্ভব নয়।



