
নিউইয়র্ক ও ওয়াশিংটন ‘দখলের’ ইঙ্গিত প্রেসিডেন্ট ট্রাম্পের: যুক্তরাষ্ট্রে সমালোচনার ঝড়

শাহ্ জে. চৌধুরী
জুলাই ১০, ২০২৫: যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসি “নিয়ন্ত্রণে নেওয়ার” ইঙ্গিত দিয়েছেন। তার এ মন্তব্যে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “যদি অপরাধ আর বিশৃঙ্খলা দমন করতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের উচিত নিউইয়র্ক ও ওয়াশিংটন কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। আমরা আর বসে থাকতে পারি না।”
তিনি অভিযোগ করেন, নিউইয়র্ক ও ডিসির স্থানীয় প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং শহরগুলো ‘নিরাপত্তাহীন ও নৈরাজ্যের গর্তে’ পরিণত হয়েছে।
তার মন্তব্যের পরপরই নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিউইয়র্ক তার নিজস্ব আত্মমর্যাদায় চলে। কোনো একনায়ক এসে আমাদের দমিয়ে রাখতে পারবে না।” ওয়াশিংটনের মেয়রও বলেন, “ফেডারেল সরকারের হুমকি আমরা বরদাশত করবো না।”
ডেমোক্র্যাট দলীয় নেতারা ট্রাম্পের মন্তব্যকে “ফ্যাসিবাদী মানসিকতা” বলে আখ্যা দিয়েছেন। অ্যালেক্সান্ড্রিয়া ওকাসিও কর্টেজ এক টুইটে লিখেছেন, “নিউইয়র্ক ও ডিসি আমাদের। স্বৈরাচারী ভাবনা দিয়ে আমাদের দমন করা যাবে না।”
হোয়াইট হাউস অবশ্য দাবি করেছে, প্রেসিডেন্টের বক্তব্য ছিল অপরাধ দমনের কড়া বার্তা এবং স্থানীয় প্রশাসনকে ‘দায়িত্ব নিতে’ আহ্বান।
বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প তার কট্টর সমর্থকদের কাছে শক্ত অবস্থান তুলে ধরতে চাইছেন। তবে সমালোচকরা এটিকে গণতান্ত্রিক কাঠামোর প্রতি অশ্রদ্ধা হিসেবে দেখছেন।



