
মার্কিন বাজারে সুযোগ বাংলাদেশের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত উচ্চশুল্কের প্রভাব পড়তে শুরু করেছে দেশটির আমদানিকারকদের মধ্যে। পোশাক আমদানি কমছে প্রতিদ্বন্দ্বী চীন থেকে। এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ প্রকাশিত যুক্তরাষ্ট্রের সরকারি ডাটা অনুযায়ী গত মে মাসে চীন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি মাসিক হিসাবে কমে ২২ বছরে সর্বনিম্ন হয়েছে, যা ট্রাম্পের উচ্চশুল্কের প্রভাব স্পষ্ট করছে।
প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বজুড়ে শুল্ক আরোপ করেন।
এর মধ্যে চীনের পণ্যে কয়েক দফায় শুল্ক আরোপ করায় তা বেড়ে হয় ১৪৫ শতাংশ। অর্থাৎ একটি পণ্যের প্রকৃত মূল্যের প্রায় দেড় গুণই শুল্ক দিতে হবে। এতে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের কাছে চীনা পণ্য ব্যাপক ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো চীন থেকে ক্রয় কমিয়ে বাংলাদেশ, ভিয়েতনাম, ভারতসহ এশিয়ার অন্য বাজারগুলোর দিকে ঝোঁকে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের (ইউএসআইটিসি) তথ্য অনুযায়ী, গত মে মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে ৫৫৬ মিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করে, যা গত এপ্রিলে আমদানি করা ৭৯৬ মিলিয়ন থেকে অনেক কম। এমনকি মাস হিসাবে এটি ২২ বছরের মধ্যে সর্বনিম্ন আমদানি। সর্বশেষ ২০০৩ সালের মে মাসের পর থেকে চীন থেকে মার্কিন পোশাক আমদানি এত কম হয়নি। এ ছাড়া মে মাসে আমদানি কমার মধ্য দিয়ে টানা চার মাস কমল।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ডেলাওয়ারের ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল স্টাডিজ বিভাগের অধ্যাপক শেং লু বলেন, ‘ব্যাপক শুল্ক আরোপের কারণে চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানির এই উচ্চ পতন স্বাভাবিক ছিল।’
এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে চীনা পোশাক রপ্তানির পরিমাণ ছিল ১.৬৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের জানুয়ারির তুলনায় ১৫ শতাংশ বেশি। অনেক প্রতিষ্ঠান তখন ট্রাম্পের নতুন শুল্কনীতির আশঙ্কায় আগাম আমদানি করেছিল।
চীনের বিপরীতে লাভবান হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান কিউআইএমএ জানিয়েছে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে চীনে মার্কিন সোর্সিং কমেছে প্রায় ২৫ শতাংশ, যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেড়েছে ২৯ শতাংশ।
বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত ও মেক্সিকো—এই দেশগুলো এখন মার্কিন পোশাক আমদানিকারকদের কাছে নতুন ভরসাস্থলে পরিণত হচ্ছে। উদাহরণস্বরূপ, মেক্সিকো মে মাসে যুক্তরাষ্ট্রে ২৫৯ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি।
যদিও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি নতুন বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে, তবে এটি তেমন কোনো আশাব্যঞ্জক পরিবর্তন আনতে পারছে না। অধ্যাপক লু মনে করেন, ‘চীনকে কেন্দ্র করে গড়ে ওঠা সাপ্লাই চেইন থেকে ধীরে ধীরে সরে যাওয়ার প্রক্রিয়া এখন আরো ত্বরান্বিত হচ্ছে।’
কিউআইএমএ সতর্ক করেছে, সামনের মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সরবরাহ চেইনে নতুন চাপ তৈরি হতে পারে। কারণ যেসব দেশে সাময়িকভাবে শুল্কছাড় দেওয়া হয়েছিল, সেই সুবিধাগুলো শিগগিরই শেষ হচ্ছে। এরই মধ্যে শুরু হতে চলেছে মার্কিন ছুটির মৌসুমের বড় কেনাকাটার প্রস্তুতি, যা সাপ্লাই চেইনের ওপর নতুন চাপ তৈরি করবে। এই পরিস্থিতিতে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য এটি হতে পারে বড় একটি সুযোগ। সূত্র : রয়টার্স



