
ব্রংকসে বন্দুক সহিংসতা অব্যাহত — অ্যাপার্টমেন্ট ভবনে গুলি, নিহত এক, আহত দুই

হোসনেআরা চৌধুরী
নিউইয়র্ক – আগস্ট ২৭, ২০২৫- ব্রংকসে বন্দুক সহিংসতার লাগামহীন ধারা আবারও প্রাণ কেড়ে নিল এক ব্যক্তির। বুধবার সকালে ক্ল্যারেমন্ট এলাকার ১৪১২ কলেজ এভিনিউয়ের একটি আবাসিক ভবনে গুলির ঘটনায় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন আরও দুইজন।
পুলিশের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে এ গুলির ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ৩৭ বছর বয়সী একজন পুরুষ, যিনি বুকে গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে ৬২ বছর বয়সী এক ব্যক্তি হাতে গুলিবিদ্ধ হয়েছেন এবং ৫৯ বছর বয়সী আরেকজন কোমরে গুলিবিদ্ধ হয়ে নিজে থেকেই হাসপাতালে পৌঁছান। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন এবং স্থিতিশীল অবস্থায় আছেন।
ঘটনার পরপরই ৪৪তম প্রিসিঙ্কটের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় ৪৪ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে গুলির কারণ কিংবা সন্দেহভাজনের সঙ্গে ভুক্তভোগীদের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে ব্রঙ্ক্সে ধারাবাহিকভাবে বেড়ে চলা বন্দুক সহিংসতা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।



