
আমেরিকান নাগরিককে পাঞ্জাবে হত্যা করে আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ
৭১ বছর বয়সী এক মার্কিন নাগরিক ভারতীয় বংশোদ্ভূত নারী রুপিন্দর কৌর পাণ্ডে’কে পাঞ্জাবে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি সিয়াটল থেকে লুধিয়ানায় এসেছিলেন ৭৫ বছর বয়সী এক যুক্তরাজ্যভিত্তিক এনআরআই নাগরিক চরণজিত সিং গ্রেওয়াল’কে বিয়ে করার জন্য। ঘটনাটি ঘটে জুলাই মাসে। তবে সম্প্রতি বিষয়টি সামনে আসে যখন লুধিয়ানা পুলিশ নিখোঁজ মামলা সংক্রান্ত এফআইআরে সন্দেহভাজনদের নাম প্রকাশ করে। পুলিশের মতে, গ্রেওয়ালের আমন্ত্রণে ভারতে আসেন পাণ্ডে। গ্রেওয়ালের হওয়ার কথা ছিল তার বর। তবে গ্রেওয়ালই নাকি হত্যার পরিকল্পনা করেন। ২৪ জুলাই পাণ্ডের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে তার বোন কমল কৌর খেইরাহ সন্দেহ প্রকাশ করেন। ২৮ জুলাই তিনি দিল্লিতে মার্কিন দূতাবাসকে বিষয়টি জানান। দূতাবাস স্থানীয় পুলিশকে তদন্তে চাপ দিলে অনুসন্ধান শুরু হয়।
গত সপ্তাহেই খেইরাহ পরিবার জানতে পারে পাণ্ডে মারা গেছেন। পুলিশ মালহা পট্টির সুখজিত সিং সোনুকে গ্রেফতার করে। তিনি হত্যার কথা স্বীকার করেন। পুলিশের দাবি, তিনি তার বাড়িতে পাণ্ডেকে খুন করে দেহটি স্টোররুমে পুড়িয়ে ফেলেন। সোনু জানায়, গ্রেওয়ালের নির্দেশেই সে এ হত্যাকাণ্ড ঘটায়। গ্রেওয়াল তাকে ৫০ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হত্যার পেছনে আর্থিক উদ্দেশ্য ছিল- ভারতে আসার আগে পাণ্ডের নাকি গ্রেওয়ালের কাছে বড় অঙ্কের অর্থ হস্তান্তর করেন। লুধিয়ানা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সতিন্দর সিং নিশ্চিত করেন, পলাতক গ্রেওয়ালের নাম এ মামলায় অভিযুক্ত হিসেবে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোনুর দেয়া তথ্যমতে দেহাবশেষ ও অন্যান্য প্রমাণ উদ্ধারের চেষ্টা চলছে।



