বিনোদন

ট্রাম্পের নামে ভুয়া আধার কার্ড তৈরির কথা জানিয়ে নিজেই ফেঁসে গেলেন মহারাষ্ট্রের বিধায়ক

আধারের কার্ড জালিয়াতির অভিযোগ ভারতে নতুন কিছু নয়। বারবার এই অভিযোগে বিব্রত হয়েছে আধার প্রস্তুতকারী সংস্থা। শুধু তাই নয়, আধার কার্ডের তথ্য চুরি নিয়েও বহুবার প্রশ্নের মুখে পড়েছে ইউআইডিএআই। যদিও প্রতিবার সে অভিযোগ খারিজ করেছে সংস্থা। এবার এক নতুন সমস্যা। নাগরিকের নাম ‘ডনাল্ড ট্রাম্প’। ছবির জায়গায় জ্বলজ্বল করছে মার্কিন প্রেসিডেন্টের মুখ। অথচ ঠিকানা হলো মহারাষ্ট্রের কারজাত-জামখেদ বিধানসভা কেন্দ্র। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নামে আধার কার্ড তৈরির অভিযোগ উঠেছে কারজাত-জামখেদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রোহিত পাওয়ারের বিরুদ্ধে। এই অভিযোগে মহারাষ্ট্রের দক্ষিণ অঞ্চল সাইবার থানায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির বিধায়ক রোহিত পাওয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

গত ১৬ অক্টোবর সাংবাদিক বৈঠক ডেকে বিধায়ক রোহিত পওয়ার দেখান, কীভাবে একটি ওয়েবসাইটে ভুয়া আধার কার্ড বানানো যাচ্ছে। তিনি বলেছিলেন, সরকার অনুমোদন নেই এমন ওয়েবসাইট ব্যবহার করে মাত্র ২০ টাকা খরচ করে অতি সহজে জাল আধার কার্ড তৈরি করা যেতে পারে। এর প্রমাণ স্বরূপ তিনি তুলে ধরেছিলেন ডনাল্ড ট্রাম্পের নাম ও ছবি দেয়া এই আধার কার্ড। যা তিনি নিজে তৈরি করেছেন বলে দাবি করেছিলেন। পওয়ার জানিয়েছিলেন যে, এই অভিযানের উদ্দেশ্য ছিল জাল আধার কার্ড তৈরি করা কতটা সহজ তা দেখানো। তিনি দাবি করেছেন, আধারের সুরক্ষা যে কতটা ঠুনকো এতেই তা প্রমাণিত। এই পদ্ধতিতে মহারাষ্ট্রের ভোটার তালিকায় ভুয়া ভোটার নথিভুক্তি করা সম্ভব বলে সরব হন তিনি। একইসঙ্গে আধার তথ্য ভাণ্ডারের ঝুঁকির কথাও ব্যাখ্যা করেন তিনি।

ইতিমধ্যেই বিধায়কের বিরুদ্ধে জাল আধার কার্ড তৈরি ও প্রচারের অভিযোগ আনা হয়েছে। তথ্য প্রযুক্তি আইন এবং জালিয়াতি, অন্যের পরিচয় চুরি এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

সূত্র: দা হিন্দু

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension