ভারত

মোদির বক্তব্যের পর একাট্টা বিরোধী দল, জবাব দিল সিজেপি

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে ‘ফাস্ট-ট্রাক’ আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি আদায়ে অনঢ় থাকার ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দলগুলো। আন্দোলনকারীদের সংগঠন ককরোচ জনতা পার্টিও (সিজেপি) মোদির বক্তব্যের জবাব দিয়েছে।

বৃহস্পতিবার কংগ্রেসের এমপি ভেনুগোপাল বলেছেন, সব বিরোধী দল ঠিক করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আগে তারা কোনো আলোচনায় বসবেন না। বিষয়টি স্পিকার ওম বিড়লাকে জানানো হয়েছে।

ভেনুগোপাল বলেন, ‘এএপি ও ডিএমকে ছাড়া বাকি সব বিরোধী দল এ বিষয়ে একমত।’ মেডিকেল ও ডেন্টাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বিরোধী দলগুলোর এমন একজোট হওয়ার কথা সামনে এলো।

টানা আন্দোলনের মুখে এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই।’ তাঁর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সিজেপিও এক্সে পাল্টা পোস্ট দিয়েছে। সংগঠনটি লিখেছে, ‘ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে।’ পৃথক এক পোস্টে সিজেপি নেতা অভিজিত দীপকে মোদির পোস্ট ও ধর্মেন্দ্র প্রধানের ছবি শেয়ার করে লিখেছেন, এর মাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিটি সরকার অস্বীকার করেছে।

সিজেপির পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সমস্যার কোনো সমাধান দিতে পারেনি। ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা কোনো বাস্তব সমাধান নয়। এটি নিছক মনোযোগ সরানোর কৌশল।

আশুতোষ বলেন, প্রধানমন্ত্রী দেশের কয়েক কোটি ছাত্রের ভবিষ্যৎ নিয়ে নিষ্ঠুর রসিকতা করছেন। ভারতে ফাস্ট-ট্র্যাক আদালত নেই বলে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, বিষয়টা এমন নয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্পূর্ণ অযোগ্য বলেই এমনটা হচ্ছে। তিনি সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন। ফলে তরুণরা এখন একটা জিনিসই চাইছে, সেটি হলো- জবাবদিহি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension