
বন্যার ধ্বংসযজ্ঞের পর নেপাল পুনর্গঠনে প্রয়োজন অন্তত ৪ থেকে ৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী
নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর এখন সামনে এসেছে পুনর্গঠনের বিশাল চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় বিধ্বস্ত অবকাঠামো ও জনপদ পুনর্গঠনে নেপালের প্রয়োজন হতে পারে ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার।
বার্তা সংস্থা রয়টার্সকে স্বর্ণিম ওয়াগলে বলেন, এটি প্রাথমিক একটি হিসাব। বন্যায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণের কাজ চলছে।
বন্যায় শুধু মানুষের ঘরবাড়িই ভেসে যায়নি, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো। ধ্বংস হয়েছে বহু সড়ক ও সেতু, ফলে দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এছাড়া বন্যার ভয়াবহ প্রভাব পড়েছে নেপালের জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপরও। বেশ কয়েকটি স্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইটে ধারণ করা কিছু ছবিতে একটি শিল্প স্থাপনা বন্যার পর প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার চিত্রও উঠে এসেছে।
তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছে। এরপরই পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থের পরিমাণ আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।



