
দুই প্রাণঘাতী গুলির ঘটনায় গ্রেপ্তার জেসাস আকোস্তা, হত্যার অভিযোগ
শাহ্ জে. চৌধুরী :
ব্রুকলিন ও ব্রঙ্কসে মাত্র কয়েক দিনের ব্যবধানে দুটি প্রাণঘাতী গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩১ বছর বয়সী জেসাস আকোস্তাকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। কয়েক দিন ধরে চলা ব্যাপক ধরপাকড় ও অনুসন্ধান অভিযানের পর শনিবার সকালে ব্রঙ্কসের সাউন্ডভিউ এলাকার একটি পার্ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশের অভিযোগ, আকোস্তা দুটি পৃথক ডাকাতির ঘটনায় গুলি চালান। প্রথম ঘটনাটি ঘটে গত ২৩ আগস্ট ব্রুকলিনের ব্রাউনসভিলে একটি রেস্তোরাঁয়। সেখানে ৪৪ বছর বয়সী এমডি ইউসুফ মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই ঘটনায় আরেক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এর প্রায় দুই দিন পর ব্রঙ্কসের একটি বডেগায় ডাকাতির সময় গুলির ঘটনা ঘটে। সেখানে ৩৩ বছর বয়সী টেইভন শুলার গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দুটি ঘটনাই ডাকাতির সঙ্গে সম্পর্কিত ছিল এবং আকোস্তার বিরুদ্ধে উভয় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
আকোস্তাকে শনাক্ত করতে পুলিশ নজরদারি ক্যামেরার ভিডিও ও ছবি প্রকাশ করে এবং তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে জনসাধারণের সহযোগিতা চায়। পরে একটি বেনামি ফোনে তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর পুলিশ ব্রঙ্কসের সাউন্ডভিউ এলাকার পার্কে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারের পর আকোস্তার বিরুদ্ধে দুটি হত্যার অভিযোগসহ হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র-সংক্রান্ত অপরাধ এবং অন্যান্য অভিযোগ আনা হয়েছে। তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আকোস্তা এর আগে গুরুতর অপরাধে কারাভোগ করেছিলেন এবং চলতি বছরের এপ্রিল মাসে প্যারোলে মুক্তি পান। তার পূর্বের অপরাধের ইতিহাস নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
দুটি হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ব্রুকলিন ও ব্রঙ্কনের সংশ্লিষ্ট এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আকোস্তার গ্রেপ্তারের মধ্য দিয়ে কয়েক দিনের ব্যাপক অনুসন্ধান অভিযান শেষ হয়েছে। তবে তদন্ত এখনো অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে।
দুটি ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নগরীতে সহিংস অপরাধ, বন্দুক ব্যবহার এবং প্যারোলে মুক্তি পাওয়া অপরাধীদের নজরদারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



