নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

শিশুদের পাশে কুইন্স, জ্যাকসন হাইটসে সম্প্রীতির উৎসব

ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের ফ্রি ব্যাক-টু-স্কুল সাপ্লাই বিতরণ | দুই শতাধিক মানুষের মাঝে শিক্ষা উপকরণ

শাহ্ জে. চৌধুরী:
— নতুন শিক্ষাবর্ষের দ্বারপ্রান্তে শিশুদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল ইনক। রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত ফ্রি ব্যাক-টু-স্কুল সাপ্লাই বিতরণ কর্মসূচিতে বাংলাদেশ, পাকিস্তান, নেপালসহ বিভিন্ন দেশের অভিবাসী পরিবার অংশ নেয়।

৩০ আগস্ট বিকেল ৫টায় শুরু হওয়া এ কর্মসূচিতে দুই শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে স্কুলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। সন্তানদের নিয়ে অভিভাবকদের উপস্থিতিতে ডাইভারসিটি প্লাজা পরিণত হয় এক প্রাণবন্ত কমিউনিটি সমাবেশে। স্কুল সাপ্লাই নেওয়ার জন্য শিশুদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাস্টিস থমাস রাফায়েল। বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় অ্যাটর্নি মঈন চৌধুরীকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প ইনকের এক্সিকিউটিভ ডিরেক্টর তরিকুল ইসলাম মিঠু, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন, এমএ সালামসহ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজকর্মী ও সাধারণ মানুষ।

ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল ইনকের চেয়ারপারসন মঈন চৌধুরী বলেন, “এটি কোনো অনুদান নয়, এটি একটি কমিউনিটি উৎসব।”

তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সমাজের ভালো কাজগুলো শিশুদের সামনে তুলে ধরলে তাদের মধ্যেও মানুষের পাশে দাঁড়ানো, সহমর্মিতা ও সমাজসেবার মানসিকতা তৈরি হবে।

মঈন চৌধুরী বলেন, শিশুদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে আনন্দময় ও উৎসাহব্যঞ্জক করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

কমিউনিটি নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কুইন্সের মতো বহুজাতিক এলাকায় বিভিন্ন দেশের মানুষের অংশগ্রহণে এমন আয়োজন পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

শুধু বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ নয়—ডাইভারসিটি প্লাজার এ আয়োজন শিশুদের মনে তৈরি করেছে সহমর্মিতা, সম্ভাবনা ও একসঙ্গে এগিয়ে যাওয়ার বার্তা।

শিশুদের জন্য একটি ভালো শুরু—আর সেই শুরুতেই কুইন্সের কমিউনিটির অঙ্গীকার: পাশে আছি, পাশে থাকব।

ছবি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension