
টাইমস স্কোয়ারে ছুরিকাঘাতে ব্যাংক কর্মকর্তা নিহত, পুলিশের গুলিতে হামলাকারীও নিহত
‘এলোমেলো ও বিনা উসকানির’ হামলা; আরও একজন আহত, সন্ত্রাসবাদের যোগসূত্র নেই
হোসনেআরা চৌধুরী :
ম্যানহাটনের ব্যস্ত টাইমস স্কোয়ারে ছুরিকাঘাতের ঘটনায় ৩২ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। নিহত এরিন পিয়াচেন্তি নিউ জার্সির চেস্টারের বাসিন্দা এবং ব্যাংক অব আমেরিকার একজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
সোমবার বিকেল প্রায় ৪টা ২৬ মিনিটে ওয়েস্ট ৪১তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউ এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুই ব্যক্তি ছুরিকাঘাতের শিকার হন। প্রথমে ৬৮ বছর বয়সী এক ব্যক্তিকে পেটে ছুরিকাঘাত করা হয়। পরে সেভেন্থ অ্যাভিনিউ দিয়ে এগিয়ে গিয়ে পিয়াচেন্তিকে আক্রমণ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত ৬৮ বছর বয়সী ব্যক্তির অবস্থা স্থিতিশীল।
পুলিশ হামলাকারী হিসেবে ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোসকে শনাক্ত করেছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তিনি দুটি বড় ছুরি নিয়ে পথচারীদের হুমকি দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, একটি ব্যাগ থেকে ছুরি বের করে তিনি প্রথমে ওই ব্যক্তিকে এবং পরে পিয়াচেন্তিকে আক্রমণ করেন।
হামলার পর সিসনেরোস ঘটনাস্থল থেকে এগিয়ে গেলে পুলিশ তাকে থামানোর চেষ্টা করে। কর্মকর্তারা কয়েক মিনিট ধরে তাকে ছুরি ফেলে দেওয়ার নির্দেশ দেন। পুলিশ জানায়, তিনি নির্দেশ অমান্য করে কর্মকর্তাদের হত্যার হুমকি দেন এবং ছুরি হাতে তাদের দিকে এগিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে টেজার ব্যবহার করা হলেও তা কার্যকর না হওয়ায় দুই কর্মকর্তা গুলি চালান। পরে হাসপাতালে সিসনেরোসের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, সিসনেরোসের সঙ্গে সংশ্লিষ্ট মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত পূর্ববর্তী নথি ছিল। তবে তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারের ইতিহাস ছিল না। তদন্তকারীরা এখন পর্যন্ত ঘটনাটিকে এলোমেলো ও বিনা উসকানির হামলা হিসেবে বিবেচনা করছেন এবং এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।
এরিন পিয়াচেন্তি ব্যাংক অব আমেরিকার Business Selection and Conflicts ইউনিটে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
ঘটনার পর টাইমস স্কোয়ারে ব্যাপক পুলিশি তৎপরতা দেখা যায়। পুলিশি গুলিবর্ষণের ঘটনাটিও নিয়ম অনুযায়ী তদন্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে কর্মকর্তাদের বডি-ক্যামেরার ফুটেজও পর্যালোচনা ও প্রকাশ করা হবে।



